আনোয়ারায় এখনো সংস্কার হয়নি ছয় কিলোমিটার বেড়িবাঁধ
গত মে মাসে ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৩২ কিলোমিটার দীর্ঘ বেড়িবাঁধের মধ্যে ৬ কিলোমিটার ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধের ৫ কিলোমিটার রায়পুরে ও ১ কিলোমিটারের অবস্থান জুঁইদণ্ডীতে। ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে পড়ায় দুর্ভোগে পড়েছে উপকূলীয় এলাকার প্রায় ৩০ হাজার মানুষ।
পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, আনোয়ারার ৩২ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে কেবল ৫ কিলোমিটার এলাকায় কংক্রিটের (সিসি) ব্লক আছে। বেড়িবাঁধের বাকি অংশ মাটি ফেলে তৈরি করা হয়েছে। দীর্ঘ এই বেড়িবাঁধের রায়পুরের কিছু অংশে কেবল সংস্কারকাজ হয়েছে গত বছর। মাটির তৈরি বেড়িবাঁধের বাকি অংশ সংস্কার হয়নি। সাম্প্রতিক ঝড়ে মাটি দিয়ে নির্মিত বেড়িবাঁধের অংশই ক্ষতিগ্রস্ত হয়েছে।
সম্প্রতি রায়পুর ইউনিয়নের দক্ষিণ সরেঙ্গা ও ফকিরহাট এলাকায় গিয়ে দেখা যায়, পথঘাট ডুবে গেছে, মানুষ চলাচল করছে নৌকায়। দক্ষিণ সরেঙ্গা এলাকার লোকজনকে নৌকায় চলাফেরা করতে দেখা গেছে। বেড়িবাঁধ ভেসে যাওয়ায় বর্তমানে রায়পুর ইউনিয়নের বার আউলিয়া, বাছা মিয়া মাঝিরঘাট, ঘাটকুল, ধলঘাট, ফকিরহাট, দক্ষিণ সরেঙ্গা এলাকা দিয়ে জোয়ারের পানি ওঠা–নামা করছে। দক্ষিণ সরেঙ্গা গ্রামের আলী আহমদের (৪২) বাড়ির আঙিনায় জোয়ারের সময় পানি উঠেছে। তিনি প্রথম আলোকে বলেন, সাহরি ও ইফতারের সময় উঠানে জোয়ারের পানি থাকে। সারা দিন রোজা রেখে এই ভোগান্তি আর সহ্য হয় না।
রায়পুরের নবনির্বাচিত চেয়ারম্যান জানে আলম প্রথম আলোকে বলেন, ’৯১–এর ঘূর্ণিঝড়ের পর এ রকম তাণ্ডব দেখেনি উপকূলবাসী। রায়পুরের সব কটি ঘরই ক্ষতিগ্রস্ত হয়েছে রোয়ানু ঘূর্ণিঝড়ের আঘাতে।
পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী কাইছার উদ্দিন বলেন, ‘আনোয়ারা উপকূলের বেড়িবাঁধ জরুরি ভিত্তিতে সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। বৃষ্টি কমলেই আমরা সংস্কারে হাত দেব।’