আনোয়ারায় জোড়াতালির সেতু

খালের ওপর দাঁড়িয়ে থাকা সেতুর দুই প্রান্তের দুই অংশ লোহার ও মাঝেরটা পাকা। এমন জোড়াতালির সেতুর অবস্থান চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে। আনোয়ারার মুরলী-শিকলবাহা খালের ওপর অবস্থিত কালীগঞ্জ নামের এই সেতুর এমন বিচিত্র চেহারার পেছনে রয়েছে খালের ভাঙন।
সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, মুরলী-শিকলবাহা খালের ভাঙনে গত এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে সেতুর দুই পাশ ধসে যায়। পরে সড়ক ও জনপথ বিভাগ ওই দুই প্রান্তে বেইলি সেতু স্থাপন করে। তবে এরপরও সেতুতে যান চলাচল স্বাভাবিক হয়নি। সেতুতে এখন ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ঝুঁকি নিয়ে চলছে সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা।
সওজ সূত্র জানায়, ১৯৭০ সালে আনোয়ারা-পটিয়া বিকল্প সড়কে মুরলী-শিকলবাহা খালের ওপর নির্মিত হয় কালীগঞ্জ সেতু। এটি আনোয়ারা-পটিয়া সংযোগ সেতু নামেও পরিচিত। দুই উপজেলার যাত্রীরাই সেতু পেরিয়ে যাতায়াত করেন। আশির দশকে আনোয়ারা উপজেলায় উন্নীত হলে এ সেতু দিয়ে বাস চলাচল শুরু হয়। ওই সময় থেকে পূর্ব আনোয়ারার লোকজন এ সেতু দিয়েই চট্টগ্রাম শহরে যাতায়াত করতেন। এখন সেতুর বেহাল অবস্থার কারণে তাঁদের ভিন্ন পথে ঘুরে চট্টগ্রাম যেতে হচ্ছে।
সম্প্রতি সরেজমিন দেখা গেছে, সেতুটির দুই পাশে বেইলি সেতু বসানো হয়েছে। এতে ছোটখাটো যানবাহন চলাচল করলেও ট্রাক ও যাত্রীবাহী বাস চলছে না। ব্যক্তিগত গাড়ি, মাইক্রো বাস, সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা চলাচল করছে ঝুঁকি নিয়ে। তবে সেতু পার হওয়ার সময় যাত্রীদের নামিয়ে দেন চালকেরা।
পরৈকোড়ার শিলাশিয়া গ্রামের বাসিন্দা সংগ্রাম দাশ বলেন, ‘আগে এ সেতু পার হয়ে আমরা শহরে যেতাম। কিন্তু এখন সেতু দিয়ে বড় যানবাহন চলাচল না করায় আমরা আনোয়ারা সদরের ওপর দিয়ে শহরে যাচ্ছি। এতে খরচ বেড়েছে, সময়ও অপচয় হচ্ছে।’
মুরালী-ছত্তারহাট রুটের অটোরিকশাচালক আবদুল আলীম বলেন, ‘সেতুর বেইলি অংশ পার হতে ভয় লাগে। কখন দুর্ঘটনায় পড়ি—এমন আশঙ্কায় বুক কাঁপে। তাই পার হওয়ার সময় যাত্রী নামিয়ে দিই।’
এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তোফায়েল মিয়া বলেন, ইতিমধ্যে মাটি পরীক্ষার কাজ শেষ হয়েছে। সেতুটি একটি প্রকল্পে অন্তর্ভুক্ত জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। অনুমোদন হলে এই জায়গায় নতুন সেতু নির্মিত হবে।