আনোয়ারায় ফুটবল টুর্নামেন্ট
আনোয়ারা উপজেলার বরুমচড়ায় আন্ত ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ১৪ জুন অনুষ্ঠিত হয়। কানুমাঝির হাট-সংলগ্ন মাঠে অনুষ্ঠিত খেলায় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ১ নম্বর ওয়ার্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টের আয়োজন করে সামাজিক সংগঠন আমাদের ক্লাব।
স্থানীয় ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য শাহাদাত হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর উদ্দিন চৌধুরী, ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবির চৌধুরী, নারী ওয়ার্ড সদস্য জান্নাতুল ফেরদৌস, কৃষ্ণ দাশ, ইউপি সদস্য আবু সিদ্দিক, শহীদ আহমদ চৌধুরী ও ছাত্রদল নেতা আতিকুর রহমান চৌধুরী। পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন লোকমান উদ্দিন।
প্রসঙ্গত, আমাদের ক্লাব প্রতি বছর ইউনিয়নে ওয়ার্ডভিত্তিক খেলাধুলার আয়োজন করে। —আনোয়ারা প্রতিনিধি