আনোয়ারায় মাঠে মাঠে সবজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনোয়ারায় সবজিখেতে ফসলের পরিচর্যা করছেন চাষিরা। ছবিটি সম্প্রতি চাতরী এলাকা থেকে তোলা l প্রথম আলো
আনোয়ারায় সবজিখেতে ফসলের পরিচর্যা করছেন চাষিরা। ছবিটি সম্প্রতি চাতরী এলাকা থেকে তোলা l প্রথম আলো

আনোয়ারার গ্রামে গ্রামে শুরু হয়েছে সবজি ও রবিশস্যের আবাদ। পতিত জমির পাশাপাশি ও আমন কাটার পর ধানি জমিতেও সবজি চাষ করছেন কৃষকেরা। এরই মধ্যে বাজারেও উঠতে শুরু করেছে মুলা, লালশাক, বেগুন, মরিচসহ নানা জাতের সবজি। কম খরচে সবজি ফলিয়ে ভালো দাম পাওয়ায় চাষিরাও খুশি।
সরেজমিন চোখে পড়ে, আনোয়ারা উপজেলার বারখাইন, বরুমচড়া, বৈরাগ, চাতরী, বারশত ও হাইলধর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ধানি জমিতে ফলানো হচ্ছে লালশাক, মুলাশাক, পালংশাক, মরিচ, বেগুন, শিম, আলুসহ বিভিন্ন ধরনের সবজি। উপজেলার বেশির ভাগ পতিত জমিতে এখন সবজির চাষ হচ্ছে। এসব জমিতে শুধু সবজি চাষ হয়। পাশাপাশি আমন ধান কেটে নেওয়ার পর জমিতে সবজির আবাদ করছেন চাষিরা।
উপজেলার হাইলধর ইউনিয়নের দক্ষিণ ইছাখালী গ্রামে গিয়ে দেখা গেছে ওই গ্রামে চাষিরা ধান কাটার পাশাপাশি সবজিখেতে ব্যস্ত সময় পার করছেন। এ ছাড়া শঙ্খের চরেও সবজি চাষ করছেন তাঁরা।
চাষিরা জানান, একসময় সব জমিতে সবজি চাষ করা সম্ভব হতো না। তবে এখন প্রয়োজনীয় পানি পাওয়ায় সব ধরনের জমিতেই সবজি চাষ সম্ভব হচ্ছে। দক্ষিণ ইছাখালী গ্রামের চাষি আবদুল জলিল (৪৮) বলেন, ‘আমি আট গন্ডা (১৬ শতক) জমিতে মরিচ ও আলু চাষ করেছি। এতে আমার ২০ হাজার টাকা ব্যয় হয়েছে। আশা করছি, খরচ উঠিয়ে ৫০ হাজার টাকা লাভ করতে পরব।’
চাতরী গ্রামের চাষি আনোয়ার হোসেন (৪২) তাঁর ছয় গন্ডা (১২ শতক) জমির ধান কেটে এখন সেখানে মরিচ ও লালশাক লাগিয়েছেন। তিনি জানান, লালশাকে লাভ বেশি। একই জমিতে একাধিকবার শাক লাগানো যায়।
বরুমচড়া গ্রামের চাষি আবদুল মাবুদ প্রথম আলোকে বলেন, ‘ধান কাটার পর পরই জমিতে বেগুন ও মরিচ লাগাই। গত বছর ৪ শতক জমিতে মরিচ লাগিয়ে ১০ হাজার টাকার মরিচ পেয়েছিলাম।’
আনোয়ারা উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, উপজেলার ১১ ইউনিয়নের বিভিন্ন গ্রামে ৪৫০ হেক্টর জমিতে রবিশস্য আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এখন পর্যন্ত ২২০ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য জমিতে চাষাবাদ হবে। বিভিন্ন সবজির মধ্যে ১২৫ হেক্টরে শিম, ১০৬ হেক্টরে মরিচ ও ৫৩ হেক্টরে বেগুনের চাষ হয়েছে।
আনোয়ারা উপজেলা কৃষি কর্মকর্তা একরাম উদ্দিন প্রথম আলোকে বলেন, উপজেলার বিভিন্ন গ্রামের প্রায় ২৫ রকমের সবজি ফলাচ্ছেন চাষিরা। আবহাওয়া ভালো থাকলে সবজির ফলন ভালো হবে।