আনোয়ারায় শঙ্খের ভাঙন বাড়ছেই

আনোয়ারার রায়পুর ইউনিয়নে শঙ্খ নদের ভাঙন বাড়ছেই। ইতিমধ্যে বিলীন হয়ে গেছে হাট, কবরস্থান, দোকানপাট ও অর্ধশতাধিক বসতঘর। স্থানীয় লোকজন ভাঙন রোধে ব্যবস্থা নিতে দাবি জানিয়েছেন।
সরেজমিনে দেখা গেছে, রায়পুরের ধলঘাট, ঘাটকূল, ফকিরহাট, পূর্ব গহিরা ও সরেঙ্গায় শঙ্খের ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ফকিরহাট এলাকার হাড়িয়াপাড়ায় ভাঙনের কবলে পড়ে এবড়োখেবড়ো হয়ে আছে বেড়িবাঁধ। ওই এলাকার একটি মসজিদ এখন ভাঙনের হুমকিতে রয়েছে। এটি যেকোনো মুহূর্তে বিলীন হয়ে যেতে পারে।
স্থানীয় লোকজন জানান, ভাঙন অব্যাহত থাকায় ফকিরহাট এলাকার ৩০০ মিটারের বেশি বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই অংশে জোয়ারের পানি সামান্য বাড়লেই বাঁধ টপকে লোকালয়ে ঢুকে যাচ্ছে। গত দুই বছরে কয়েক দফায় ফকিরহাটটি সরানো হয়েছে। ইতিমধ্যে মসজিদের কবরস্থান বিলীন হয়ে গেছে।
হাড়িয়াপাড়ার বাসিন্দা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী নেজাম উদ্দিন বলেন, কয়েক মাস আগে ভাঙনের কবলে পড়ে আমাদের পূর্ব পুরুষদের কবর চলে গেছে। জানি না কখন মসজিদটিও তলিয়ে যায়।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ ইসমাইল বলেন, গত ১০ বছরে শঙ্খের ভাঙনে পড়ে শত শত ঘর তলিয়ে গেছে। বসতভিটা ছাড়া হয়েছেন অনেকে। কিন্তু ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, ধলঘাট, ঘাটকূল, পূর্ব গহিরা ও সরেঙ্গাসহ কয়েকটি স্থানে সিসি ব্লক ছাড়া ভাঙন রোধ করা সম্ভব হবে না। তবে জরুরি ভিত্তিতে বর্ষার আগে মাটি ভরাটের কাজ করা হচ্ছে।
জানতে চাইলে পাউবোর উপসহকারী প্রকৌশলী কাইছার উদ্দিন বলেন, ‘১৪ লাখ টাকা ব্যয়ে ফকিরহাটসহ কয়েকটি এলাকায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ দিয়ে মাটি ভরাট করা হবে। তবে ভাঙন রোধে এসব এলাকায় সিসি ব্লক লাগবে। এ জন্য বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।’