আনোয়ারায় শীতেও শঙ্খের ভাঙন

আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের মধ্যম বারখাইন গ্রামে এই শীতেও শঙ্খের ভাঙন প্রবল আকার ধারণ করেছে। গত পাঁচ বছরে শঙ্খ নদের ভাঙনে তলিয়ে গেছে এই গ্রামের শতাধিক ঘর, শ্মশান ও ফসলি জমি। নদের ভাঙনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামের ফেরিঘাট থেকে প্রতাপ মজুমদারের বাড়ি পর্যন্ত এক কিলোমিটার এলাকা।
সরেজমিনে দেখা গেছে, বারখাইন ইউনিয়নের পূর্ব বারখাইন গ্রামটি শঙ্খের ভাঙনে পড়ে ছোট হয়ে আসছে। ভাঙনে ক্ষতিগ্রস্ত ফেরিঘাট থেকে প্রতাপ মজুমদারের বাড়ি পর্যন্ত এক কিলোমিটার এলাকায় মল্লিকপাড়া ও শীলপাড়ার অবস্থান। এখানকার বাসিন্দারা ভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছে।
প্রতাপ মজুমদার বাড়ি এলাকার বাসিন্দা অধীর মজুমদার বলেন, ‘১০ বছর ধরে আমরা শঙ্খের ভাঙনে সীমাহীন ক্ষতিগ্রস্ত হয়েছি। ইতিমধ্যে বাড়ির মন্দিরটিও চলে গেছে শঙ্খের গর্ভে।’
মধ্যম বারখাইনের নীলকমল দাশ (৬০) বলেন, ‘আমরা খুব অবহেলিত, বছরের পর বছর শঙ্খের ভাঙনে গ্রামটি বিলীন হচ্ছে। ভাঙনকবলিত এলাকায় পাথর বা ব্লক বসানো না হলে বাপ-দাদার ভিটা বিলীন হয়ে যাবে।’
৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আজিজুল হক বলেন, গত দুই বছরে গ্রামের ৩২টি বসতভিটা নদের গর্ভে তলিয়ে গেছে। এখানকার ২০টি পরিবার বেড়িবাঁধে দিন কাটাচ্ছে। তিনি আরও জানান, ফেরিঘাট থেকে উত্তর দিকে এক কিলোমিটার এলাকায় ভাঙন প্রবলতর হয়েছে। এই শীতকালেও সেখানকার কয়েকটি মন্দির ও শ্মশান নদের গর্ভে চলে গেছে।
জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের (পাইবো) উপসহকারী প্রকৌশলী কাইছার উদ্দিন বলেন, মধ্যম বারখাইনে ভাঙনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে, তবে এখনো কোনো ধরনের বরাদ্দ পাওয়া যায়নি।