আনোয়ারায় ১০ সড়কে কষ্টে চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিচঢালাই উঠে সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত। এসব গর্তে জমে থাকছে পানি। ফলে যানবাহন চলাচলের সময় প্রায় সময় আটকে যাচ্ছে। কোনো কোনো সময় গাড়ি বিকল হয়ে পড়ে থাকছে রাস্তায়। ফলে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা। আনোয়ারার বখতেয়ার সড়কের এই অবস্থা গত দুই মাস ধরে। শুধু এই সড়কটি নয়, উপজেলার আরও নয়টি সড়কের করুণ হাল এখন।
উপজেলা প্রকৌশল কার্যালয় সূত্র জানায়, নাজুক দশার কারণে সম্প্রতি উপজেলার ১০টি সড়কের সংস্কারের বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে। ওই সড়কগুলো হলো বি এস চৌধুরী, আবদুল করিম, কৈখাইন-চামুদরিয়া হজরত শাহ আলী রজা, আনোয়ারা-রুস্তমহাট, রুস্তমহাট-কানুমাঝির হাট, বখতেয়ার, হাইলধর-হাঝিরহাট, রায়পুর-দোভাষী বাজার, চাতরী সার্কুলার ও ক্ষীরোদ চন্দ্র সড়ক। তবে এখনো বরাদ্দ পাওয়া যায়নি।
সরেজমিনে দেখা গেছে, ১০টি সড়কই কাদা-পানিতে একাকার। যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সড়কগুলো। সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা চলাচলেও হিমশিম খেতে হচ্ছে চালকদের। কিছু স্থানে গর্তের কারণে গাড়ি থেকে নেমে হেঁটে ভাঙা অংশ পার হতে হচ্ছে যাত্রীদের।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মিজানুর রহমান বলেন, ‘সড়কগুলো দিয়ে চলাচলে কষ্টের শেষ নেই। এগুলো দেখারই যেন কেউ নেই।’
উপজেলার চাতরী এলাকার অটোরিকশাচালক নুরুল আলম বলেন, ভাঙা সড়কে গাড়ি চালাতে গিয়ে প্রায় সময় গাড়ি নষ্ট হচ্ছে। একবার আসা-যাওয়া করলে গাড়ির অবস্থা খারাপ হয়ে যায়।
এ ব্যাপারে উপজেলার ভারপ্রাপ্ত প্রকৌশলী তাসলিমা জাহান বলেন, আনোয়ারার বিভিন্ন স্থানের ১০টি সড়কের মেরামতের জন্য বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে। এখন অনুমোদন পেলেই বলা যাবে কোন কোন সড়ক মেরামত হচ্ছে।