আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণকাজে ধীর গতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারা উপজেলা সদরে ফায়ার সার্ভিস স্টেশনের নির্মাণকাজ চলছে ধীর গতিতে। ২০১১ সালে কাজ শুরু হওয়া স্টেশনটির নির্মাণকাজ চলতি জুন মাসে শেষ হওয়ার কথা থাকলেও এ পর্যন্ত এক-চতুর্থাংশ কাজও শেষ হয়নি। পুরো কাজ কখন শেষ হবে তা-ও বলতে পারছেন না সংশ্লিষ্ট ব্যক্তিরা। 
আনোয়ারা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবদুল আউয়াল জানান, গত ১০ বছরে উপজেলার বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডে ৫০ লাখ টাকার বেশি সম্পদ নষ্ট হয়েছে। এখানে ফায়ার সার্ভিস স্টেশন থাকলে এ ক্ষতি অনেকাংশে এড়ানো যেত।
বরুমচড়া ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির চৌধুরী বলেন, ‘সর্বশেষ গত ১২ এপ্রিল আমার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে আগুন লেগে আট লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’ ফায়ার সার্ভিস স্টেশনটির নির্মাণকাজ দ্রুত শেষ করার দাবি জানান তিনি।
ফায়ার সার্ভিস বিভাগের কর্মকর্তারা জানান, উপজেলা সদরে এক কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে তিনতলাবিশিষ্ট ফায়ার সার্ভিস স্টেশনটি নির্মাণের দায়িত্ব পায় চট্টগ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হাওলাদার এজেন্সি। কার্যাদেশ অনুযায়ী ২০১১ সালের জুন থেকে কাজ শুরু করার কথা থাকলেও প্রথম বছর তারা তেমন কোনো কাজ করেনি।
বিষয়টি নিয়ে গত বছর ডিসেম্বরে উপজেলা পরিষদের সভায় আলোচনা হয় এবং দ্রুত কাজ শুরু করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগাদা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এরপর এ বছর জানুয়ারি মাসে কাজ শুরু করে ঠিকাদার। কিন্তু অত্যন্ত ধীর গতির কারণে কাজ এখনো নিচতলার ভিত্তি তৈরিতে সীমাবদ্ধ রয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের উপপরিচালক মো. আবদুল মালেক জানান, আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশনটির নির্মাণকাজ চলতি জুনের মধ্যে শেষ করার কথা। কিন্তু শুরু থেকে টাকা না পাওয়ার অযুহাতে ঠিকাদার কাজ না করায় তা আর সম্ভব হচ্ছে না। তিনি আরও জানান, এ স্টেশনের জন্য দুটি গাড়ি ও ১৭ জন লোকবল থাকার কথা। এরমধ্যে একটি গাড়ি ও দুজন কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। আনোয়ারায় থাকার ব্যবস্থা না থাকায় বর্তমানে তাঁরা পটিয়া ফায়ার সার্ভিস স্টেশনে রয়েছেন।
সরেজমিন নির্মাণাধীন ফায়ার সার্ভিস স্টেশনে গিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের পদস্থ কাউকে পাওয়া যায়নি। তবে কাজ দেখাশোনার দায়িত্ব পালনকারী দারোয়ান নূর খালেদ বলেন, ‘এ কাজ কখন শেষ হবে তা এ মুহূর্তে বলা যাচ্ছে না, এ ব্যাপারে ঠিকাদারই ভালো বলতে পারবেন।’ ঠিকাদার কাজ দেখতে মাঝে মধ্যে এখানে আসেন বলে জানান নূর খালেদ। বিস্তারিত জানার জন্য নূর খালেদের দেওয়া ঠিকাদারের মুঠোফোনে (০১৯১১ ১৯৯৯২৫) একাধিকবার চেষ্টা করে ফোন বন্ধ পাওয়া গেছে। জানতে চাইলে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোসেন বলেন, ‘ফায়ার সার্ভিস স্টেশনের নির্মাণকাজ দ্রুত শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগাদা দেওয়া হয়েছে।’