আনোয়ারায় এক বছরের মধ্যেই অর্থনৈতিক অঞ্চলের কাজ শুরু
আনোয়ারার রায়পুরের গহিরায় এক বছরের মধ্যে শুরু হচ্ছে বিশেষ শিল্পাঞ্চল বা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কাজ। ১৭ মে প্রকল্প এলাকা ঘুরে এমনই ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব আবুল কালাম আযাদ। শিল্পাঞ্চল গড়ার ব্যাপারে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য এর আগে আরও দুই দফা সরকারের প্রতিনিধিদল পরিদর্শন করে এলাকাটি। গহিরার শেষ প্রান্তে শঙ্খের মোহনা ও বঙ্গোপসাগর ঘেঁষে হবে এই অর্থনৈতিক অঞ্চল।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকার দেশে তিনটি অর্থনৈতিক জোন বা শিল্পাঞ্চল প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়। এ জন্য প্রধানমন্ত্রীর তত্কালীন অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান চট্টগ্রামের আনোয়ারা ও মিরসরাই উপকূল এবং মৌলভীবাজারের শেরপুরে এই তিনটি অর্থনৈতিক জোন স্থাপনের প্রস্তাব করেন। পরে ওই তিন স্থানে অর্থনৈতিক জোন করার প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিতও হয়। আর একনেকে অনুমোদনের পরে আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ গহিরা এলাকায় ৬১২ একর জায়গা অধিগ্রহণের সিদ্ধান্ত নেয় স্থানীয় প্রশাসন। তার মধ্যে ১৭০ একর খাসজমি ও বাকি ৪৪২ একর ব্যক্তি মালিকানাধীন জায়গা। ইতিমধ্যে প্রস্তাবিত প্রকল্প এলাকায় একটি সংস্থা ১১৪ একর জায়গার ওপর বিদ্যুত্ প্রকল্প স্থাপনের আগ্রহ প্রকাশ করেছে সরকারের কাছে।
১৭ মে বেলা তিনটায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব আবুল কালাম আযাদ প্রকল্প এলাকা ঘুরে দেখেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয় বিভাগের অতিরিক্ত সচিব শাহ জামাল এবং বেপজা সদস্য ও অতিরিক্ত সচিব মো. মিজানুর রহমান। প্রকল্প এলাকা ঘুরে দেখার পর প্রতিনিধিদল স্থানীয় গণমাধ্যমকর্মী ও জন- সাধারণের সঙ্গে কথা বলেন।
এ বিষয়ে আনোয়ারার ইউএনও জানান, আনোয়ারার রায়পুরের বঙ্গোপসাগর ও শঙ্খের মোহনায় ৬১২ একর জায়গায় অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়িত হলে জাহাজ নির্মাণ শিল্পসহ বিভিন্ন প্রতিষ্ঠান হবে। এখানে দেশি-বিদেশি বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান বিনিয়োগ করবে। আর এতে কর্মসংস্থান হবে দেড় লাখের বেশি মানুষের। ফলে উপকূলীয় বাসিন্দাদের জীবনমানেরও উন্নতি ঘটবে।
পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব আবুল কালাম আযাদ সাংবাদিকদের বলেন, ‘সরেজমিন প্রকল্প এলাকাটি পরিদর্শন করাই আমার সফরের মূল উদ্দেশ্য। এখানে অর্থনৈতিক জোন করতে হলে প্রায় ১৬ কিলোমিটার লিংক রোডের প্রয়োজন হবে। সব ঠিক থাকলে আগামী এক বছরের মধ্যেই শিল্প জোনের কার্য়ক্রম শুরু হতে পারে।’