আনোয়ারায় গ্রামীণ খেলাধুলার আসর
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে হাডুডু, কাবাডি, গোল্লাছুটসহ নানা গ্রামীণ ও লোকজ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা। গত ২৮ জানুয়ারি আনোয়ারা আদর্শ উচ্চবিদ্যালয়ে এই ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়। খেলাধুলার আসরে প্রতিবন্ধী শিশুদের নিয়েও ছিল বিশেষ আয়োজন।
প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। জেলা ক্রীড়া কর্মকর্তা মাহবুবুল আলমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। এর আগে সকালে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাঈনুদ্দিন মজুমদার, উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হারুনুর রশিদ ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. এনামুল হক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক প্রিয়তোষ গুহ, ক্রীড়া শিক্ষক মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।