আনোয়ারায় বিনিয়োগের আশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবস্থিত সাদ মুছা শিল্পপার্ক পরিদর্শন করেছেন চীনের রাষ্ট্রদূত মা মিং ক্যুং। তাঁর নেতৃত্বে একটি প্রতিনিধিদল গত ২৯ জানুয়ারি শিল্পপার্ক প্রকল্প এলাকা পরিদর্শন করে। শিল্পপার্ক ঘুরে চীনের রাষ্ট্রদূত বিনিয়োগেরও আশ্বাস দেন।
তিনি পার্কের সহযোগী প্রতিষ্ঠান এম এ রহমান ডায়িং কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রতিনিধিদলকে শুভেচ্ছা জানান পার্কের ব্যবস্থাপনা পরিচালক মো. মহসিন ও উপব্যবস্থাপনা পরিচালক মঈন উদ্দিন আহমেদ চৌধুরী।
আনোয়ারা সদরের ১০০ একর জায়গার ওপর ২০১১ সালে শিল্পপার্কের যাত্রা শুরু হয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এ পার্কের উদ্বোধন করেন বলে জানায় কর্তৃপক্ষ। বাস্তবায়নাধীন এ পার্কে ২৪টি শিল্পকারখানা প্রতিষ্ঠার কাজ চলছে। বর্তমানে ছয়টি কারখানায় ১০ হাজারের বেশি শ্রমিক কাজ করছেন।
সাদ মুছা শিল্পপার্কের ব্যবস্থাপনা পরিচালক মো. মহসিন বলেন, বড় স্বপ্ন নিয়ে পাঁচ বছর আগে আনোয়ারায় শিল্পপার্ক স্থাপন করা হয়। এখন সে স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে। শুক্রবার পার্কের বিভিন্ন কারখানা পরিদর্শন করে চীনের প্রতিনিধিদলের সদস্যরা সন্তোষ জানিয়ে বিনিয়োগে আগ্রহ দেখান।