আনোয়ারায় মাঠজুড়ে সবজির আবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধান কাটা হয়ে গেছে শীতের শুরুতে। এখন চট্টগ্রামের আনোয়ারায় ফসলের মাঠজুড়ে শোভা পাচ্ছে নানা ধরনের সবজি। গত বছর ভালো দাম পাওয়ায় এ বছরও ধানিজমিতে সবজির আবাদ করেছেন চাষিরা।
আনোয়ারা উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, উপজেলার ১১ ইউনিয়নের বিভিন্ন গ্রামে ৩৮১ হেক্টর জমিতে রবিশস্য চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে ১১৫ হেক্টর জমিতে শিম, ৮৬ হেক্টর জমিতে মরিচ ও ৪১ হেক্টর জমিতে বেগুন চাষ হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, আনোয়ারা উপজেলার বারখাইন, বরুমচড়া, বৈরাগ, চাতরী, বারশত ও হাইলধর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ধানিজমিতে ফলানো হচ্ছে লালশাক, মুলার শাক, পালং শাক, মরিচ, বেগুন, আলুসহ বিভিন্ন সবজি। ইতিমধ্যে বিভিন্ন ধরনের শাক, শিম, বেগুন ও আলুবাজারে আসতে শুরু করেছে।
উপজেলার চাতরী বাজারে গিয়ে দেখা গেছে চাষিরা বেগুন, শিম, আলু ও বিভিন্ন ধরনের শাক নিয়ে এসেছেন বিক্রি করতে। তৈলারদ্বীপ গ্রামের চাষি রুহুল আমিন জানান, তিনি এক মণ বেগুন নিয়ে বাজারে এসেছিলেন। কেজি আট টাকা দরে পাইকারি ব্যবসায়ীর কাছে সব বেগুন বিক্রি করে দিয়েছেন। দ্রুত সবজি বিক্রি হয়ে যাওয়ায় খুশি তিনি। বললেন, যেভাবে বিক্রি হচ্ছে, তাতে বেশ ভালো লাভ থাকবে।
পাইকারি দর ৮ থেকে ১০ টাকা হলেও খুচরা বিক্রেতারা বেগুন বিক্রি করছিলেন ১০-১৫ টাকায়। এ ছাড়া শিম বিক্রি হচ্ছিল ৩০ টাকা ও শাক দুই থেকে পাঁচ টাকা প্রতি আঁটি।
উপজেলার হাইলধর ইউনিয়নের দক্ষিণ ইছাখালী গ্রামে গিয়ে দেখা গেছে, ওই গ্রামের চাষিরা সবজিখেতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তিন ফসলি জমি ছাড়াও শঙ্খ নদের চরে সবজি চাষ করছেন তাঁরা।
গ্রামের চাষি আবদুল জলিল বলেন, ‘আমি ১৬ শতক জমিতে মরিচ ও আলু চাষ করেছি, এতে আমার ২০ হাজার টাকা খরচ হয়েছে। আশা করছি খরচ উঠিয়ে ৫০ হাজার টাকা লাভ করতে পরব।’
উপজেলার বাজারগুলোতে লালশাক উঠেছে চোখে পড়ার মতো। এই মৌসুমে চাষিরা কয়েক দফায় লালশাকের বীজ ফেলবেন বলে জানান। চাতরী গ্রামের চাষি আনোয়ার হোসেন ১২ শতক জমিতে মরিচ ও লালশাক লাগিয়েছেন। তিনি জানান, মাস খানেক আগে আড়াই হাজার টাকা খরচ করে জমিতে লালশাক লাগিয়েছিলেন।
এক দফা শাক বিক্রি করে চার হাজার টাকা লাভ হয়েছে। জমিতে আবারও লালশাকের বীজ ফেলবেন তিনি।
এ ছাড়া মরিচ বিক্রি করেও ভালো লাভ পাবেন বলে তিনি আশা করছেন।
আনোয়ারা উপজেলা কৃষি কর্মকর্তা একরাম উদ্দিন প্রথম আলোকে বলেন, উপজেলার বিভিন্ন গ্রামের ৩৮১ হেক্টর জমিতে প্রায় ২৫ রকমের সবজি ফলাচ্ছেন চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকলে এবার ভালো লাভ পাবেন তাঁরা।