আনোয়ারায় রেড ক্রিসেন্টের ত্রাণ ও নগদ অর্থ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনোয়ারায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী
আনোয়ারায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী

ঘূর্ণিঝড় কোমেন ও বন্যায় ক্ষতিগ্রস্ত তিন শ পরিবারের মধ্যে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করেছে রেডক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিট। এ উপলক্ষে গত বৃহস্পতিবার আনোয়ারা উপজেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের চেয়ারম্যান শেখ শফিউল আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক নুরুল আনোয়ার চৌধুরী, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক আবদুল মান্নান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি জসিম উদ্দিন, রেডক্রিসেন্টের সহকারী পরিচালক কবির হোসেন, জানে আলম প্রমুখ। সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘সরকার সব সময় গরিব, দুঃখী, মেহনতি মানুষের পাশে রয়েছে এবং থাকবে। ক্ষতিগ্রস্তদের স্বাবলম্বী করতে কাজ করে যাবে সরকার।’ বিজ্ঞপ্তি।
লোহাগাড়ায় তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে কম্পিউটার প্রশিক্ষণ কর্মশালা
লোহাগাড়ায় তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে ‘লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট’ প্রকল্পের আওতায় ১৬ দিনের কম্পিউটার প্রশিক্ষণ কর্মশালা ২০ আগস্ট শেষ হয়। এ প্রশিক্ষণ কোর্সে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৮০ জন ছাত্রী অংশ নেয়।
কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সভাপতি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিজনূর রহমান। অতিথি ছিলেন তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা। সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার নারীদের কম্পিউটার শিক্ষাসহ প্রযুক্তিগত জ্ঞান অর্জনের ওপর গুরুত্ব দিচ্ছে। গ্রামের নারীরা তথ্যপ্রযুক্তি খাতে অবদান রাখলে দেশ এগিয়ে যাবে। প্রশিক্ষণপ্রাপ্ত প্রথম চারজন শিক্ষার্থীকে চারটি ল্যাপটপ এবং প্রতিটি শিক্ষার্থীকে তিন হাজার টাকা করে সম্মানী ও সনদ প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন লোহাগাড়া উপজেলা আইটি কর্মকর্তা সাইফুদ্দিন মাহমুদ। লোহাগাড়া প্রতিনিধি