আনোয়ারায় সড়ক দখল করে গাছের ব্যবসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারায় পটিয়া-আনোয়ারা-বাঁশখালী সড়কের একটি অংশের দুই পাশ দখল করে চলছে গাছের ব্যবসা। এতে সড়কের ওই অংশে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। যাজটের পাশাপাশি দুর্ঘটনাও ঘটছে।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার চাতরী চৌমুহনী বাজার থেকে দক্ষিণে কালাবিবির দিঘির মোড় পর্যন্ত আধা কিলোমিটার সড়কে একাশিয়াগাছ ও বাঁশ বিক্রি চলছে। ঘরের খুঁটি ও বেড়া দেওয়া ছাড়াও নির্মাণকাজের জন্য দূর–দূরান্ত থেকে লোকজন এসব গাছ ও বাঁশ কিনে নিয়ে যাচ্ছেন। সড়কের উভয় পাশের বেশ কিছু অংশ দখল করেই চলছে এই ব্যবসা। এতে সড়কের ওই অংশ সরু হয়ে পড়ায় পাশাপাশি দুটি গাড়ি চলাচল করতে পারে না। তার ওপর গাছ ও বাঁশ বহনকারী যানবাহন সড়ক দখল করে দাঁড়িয়ে থাকায় যানজট তীব্র আকার ধারণ করছে।
উপজেলার চাতরী চৌমুহনী বাজারে সড়কের ওপর স্তূপ করে গাছ রেখে বিক্রি করছিলেন আবদুল মোনাফ সওদাগর। তিনি জানান, এভাবে সড়ক দখল করে দুই–তিন বছর ধরে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। সড়ক দখল করে ব্যবসা করা অবৈধ হলেও এখনো কেউ বাধা দেয়নি তাঁকে। কেবল চাতরী চৌমুহনী বাজেরর আশাপাশের সড়কের ১৫টি স্থানে এভাবে গাছ বিক্রি হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, উপজেলার সিইউএফএল সড়ক, বরুমচড়া রাস্তার মাথা এবং তৈলার দ্বীপ সরকার হাট এলাকায়ও সড়কের ওপর গাছ স্তূপ করে রেখে ব্যবসা চলছে।
সড়ক দখল করে গাছ–বাঁশ রাখায় ঘটছে দুর্ঘটনাও। চাতরী বাজার এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ‘দুই মাস আগে মোটরসাইকেল নিয়ে আনোয়ারা সদরে যাওয়ার সময় দুর্ঘটনায় পড়ি। বিপরীত দিক দিয়ে আসা একটি অটোরিকশাকে পাশ দিতে গেলে এ দুর্ঘটনা হয়। সড়কে এভাবে ব্যবসা না হলে আমরা দুর্ঘটনায় পড়তাম না।’
পিএবি সড়কের অটোরিকশাচালক আবু নাসের জানান, চাতরীর দক্ষিণ পাশে সড়কের দুপাশে যেভাবে গাছ রাখা হয়েছে, তাতে খুব ভয় লাগে এবং দুর্ঘটনার আশঙ্কায় থাকি। তিনি আরও জানান, গত ছয় মাসে ওই এলাকায় পাঁচ-ছয়টি দুর্ঘটনা ঘটেছে। আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুফিদুল আলম প্রথম আলোকে বলেন, পিএবি সড়কের দুপাশের গাছের ব্যবসা বন্ধে খুব শিগগির ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হবে।