আনোয়ারায় ৮৪০ কেজি ইলিশ জব্দ
আনোয়ারা প্রতিনিধি
আনোয়ারায় ৮৪০ কেজি ইলিশ মাছ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার রায়পুর ইউনিয়নের উঠান মাঝির ঘাট এলাকা থেকে গত মঙ্গলবার দুপুরে এসব মাছ জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, মঙ্গলবার দুপুর ১২টা থেকে বেলা দুইটা পর্যন্ত আনোয়ারা উপকূলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি এ সময় রায়পুরের উঠান মাঝির ঘাট এলাকা থেকে আড়াই লাখ টাকা মূল্যের ৮৪০ কেজি ইলিশ মাছ জব্দ করেন। তবে এ সময় কেউ আটক হয়নি। অভিযানের সময় জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দেব, মৎস্য অধিদপ্তরের উপপরিচালক মো. গোলজার হোসেন, উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা অনীল কুমার সাহা ও সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, সরকার গত ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত সময়কে ইলিশের প্রধান প্রজনন মৌসুম করে এ সময়ে ইলিশ আহরণ, বিপণন, পরিবহন, বিক্রি ও মজুতের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।
ইউএনও বলেন, ‘ইলিশ সম্পদ রক্ষায় আমরা নিয়মিত ভ্রাম্যমাণ আদালত নিয়ে অভিযান পরিচালনা করব।’