আনোয়ারার পথে পথে ভোগান্তি বাড়তি ভাড়া আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোরবানির ঈদের আগে চট্টগ্রামের আনোয়ারার তিনটি রুটে অরাজক পরিস্থিতি বিরাজ করছে। লোকাল বাস কম থাকায় সিএনজিচালিত অটোরিকশা তিন থেকে পাঁচ গুণ ভাড়া নিচ্ছে। এতে ঘরমুখী যাত্রীরা দুর্ভোগে পড়ছেন।

শুক্রবার বেলা আড়াইটার সময় চাতরী চৌমুহনী বাজারে অবস্থান নিয়ে দেখা যায়, চাতরী থেকে সরকারহাট ৫০ টাকা ভাড়া চাওয়া হচ্ছে যাত্রীর কাছ থেকে। অথচ ওই দূরত্বের ভাড়া মাত্র ১০ টাকা। একইভাবে আনোয়ারা সদর-মালঘর, রুস্তমহাটেও এভাবে ভাড়া নিচ্ছেন চালকেরা।

পিএবি (পটিয়া-আনোয়ারা-বাঁশখালী) সড়ক বাস মালিক সমিতি সূত্র জানায়, আনোয়ারার তিনটি রুটের জন্য ৮০টির মতো বাস আছে। আর এসব বাস নগরের বাস টার্মিনাল ও শাহ আমানত সেতু হয়ে আনোয়ারার তিন রুটে চলাচল করে। কিন্তু বাসগুলো ঘরমুখী মানুষের চাপ নিতে পারছে না। আর এ সুযোগে সিএনজিচালিত অটোরিকশার চালকেরা ইচ্ছামাফিক ভাড়া আদায় করছেন।

আনোয়ারার রুট তিনটি হলো আনোয়ারা-বরকল রুট, বটতলী-রুস্তমহাট রুট ও তৈলারদ্বীপ সেতু-চানপুর রুট। এর বাইরে উপজেলার বিভিন্ন ইউনিয়নে সিএনজিচালিত অটোরিকশা চলাচল করছে।

নগরের মিয়াখান নগর এলাকা থেকে পরিবার–পরিজন নিয়ে গ্রামে যাচ্ছিলেন আইয়ুব রানা (৪৫)। তিনি বলেন, ‘এই পর্যন্ত দুটি সিএনজি অটোরিকশা করে এখানে এলাম। প্রতিবার বাড়তি ভাড়া দিতে হলো। এখন চালক এক শ টাকার স্থলে চার শ টাকা ভাড়া চাইছেন।’

উপজেলার বটতলী রুস্তমহাটের সিএনজিচালিত অটোরিকশার চালক আবুল কালাম বলেন, ‘ঈদ এলে সামান্য বাড়তি ভাড়া চাই আরকি! সারা বছর তো পাঁচ-দশ টাকায় লোকাল ভাড়া মারি।’

পিএবি বাস মালিক সমিতির সভাপতির সভাপতি জাফর উদ্দীন চৌধুরী বলেন, ‘আমাদের যা বাস আছে, তা দিয়ে তিনটি রুটের যাত্রী পরিবহন সম্ভব নয়। ওই সুযোগে সিএনজিচালিত অটোরিকশাচালকেরা যা খুশি করছে।’ আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গৌতম বাড়ৈ বলেন, যাত্রীদের জিম্মি করে বাড়তি ভাড়া আদায় অনৈতিক। এখন বিষয়টি তদারক করা হবে।