আনোয়ারার হাট-বাজারে পণ্যের ইজারামূল্যের তালিকা নেই
আনোয়ারার হাট-বাজারগুলোয় টাঙানো হয় না পণ্যের ইজারামূল্যের তালিকা। ইজারাদারেরা নিজেদের খেয়াল–খুশি অনুযায়ী আদায় করছেন পণ্যের ইজারামূল্য। এতে মৌসুমি ব্যবসায়ী ও খুচরা বিক্রেতারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পাশাপাশি ইজারামূল্য কোনো নিয়মনীতি ছাড়া আদায় করায় বাড়ছে পণ্যের দাম।
উপজেলা পরিষদে খোঁজ নিয়ে জানা গেছে, আনোয়ারার ১১ ইউনিয়নে ৩০টি হাট-বাজারের মধ্যে ১৬টি ইজারা দিয়েছে প্রশাসন। এই বাজারগুলোয় পণ্যের ইজারামূল্যের তালিকা চোখে পড়ার মতো স্থানে টাঙানোর কথা থাকলেও তা মানছেন না ইজারাদারেরা। একেক বাজারের ইজারামূল্য একেক রকমের হওয়ায় প্রতারিত হচ্ছেন ক্রেতা-বিক্রেতারা।
উপজেলার বটতলী-রুস্তমহাট, চাতরী চৌমুহনী বাজার, মালঘর বাজার, সরকারহাট, দোভাষী বাজার, ছত্তারহাটসহ ১৬টি হাট-বাজারে ঘুরে কোনোটিতেই ইজারামূল্যের তালিকা চোখে পড়েনি।
আনোয়ারার বরুমচড়া গ্রামের ভ্রাম্যমাণ মাছ ব্যবসায়ী কামাল হোসেন বলেন, ‘আমি উপজেলার পাঁচ-ছয়টি বাজারে ব্যবসা করি, কিন্তু একেক বাজারে একেক ধরনের ইজারামূল্য দিতে হয় বলে হিসাব মিলাতে পারি না। লাভও থাকে না অনেক সময়।’
ছত্তারহাটের ইজারাদার মো. গিয়াস উদ্দিন বাজারে ইজারামূল্যের তালিকা প্রকাশ না করার কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘বিষয়টা আসলে খেয়াল করিনি, এখন তালিকা তুলে দেব।’
এ ব্যাপারে উপজেলা হাট-বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যুথিকা সরকার প্রথম আলোকে বলেন, বাজারে ইজারামূল্যের তালিকা টাঙানোর বিধান আছে। কেউ এটি না মানলে ব্যবস্থা নেওয়া হবে।