আনোয়ার হোসেন ও অঞ্জু ঘোষের অভিনয়-কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চাশের দশক থেকে আশির দশকের প্রথম কয়েক বছর পর্যন্ত পটিয়ার সাংস্কৃতিক কর্মকাণ্ড ছিল গর্ব করার মতো। আশির দশকের শেষ দিক পর্যন্ত কোনো কোনো ব্যক্তি ও সংগঠন অতীত ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করলেও পরবর্তী সময়ে তাতে ভাটা দেখা দেয়। এ অবস্থার প্রধান কারণ ব্যক্তি ও গোষ্ঠীগত দ্বন্দ্ব, আকাশ-সংস্কৃতির প্রভাবে দেশীয় সংস্কৃতির প্রতি নতুন প্রজন্মের অনীহা এবং প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতার অভাব। সাংস্কৃতিক কর্মকাণ্ডে পটিয়ার বর্তমান অবস্থান সম্পর্কে এমন ধারণাই দিলেন এলাকার সাংস্কৃতিক ব্যক্তিরা। ষাট ও সত্তরের দশকে পটিয়া ক্লাব ও পটিয়া শৌখিন নাট্য গোষ্ঠীসহ বিভিন্ন সংগঠনের আয়োজনে তিন শতাধিক নাটকে অভিনয় এবং অনেক নাটক পরিচালনা করেছেন নাট্য ব্যক্তিত্ব গিয়াস উদ্দিন চৌধুরী। তিনি জানান, পটিয়াকে একসময় আখ্যায়িত করা হতো চট্টগ্রামের অক্সফোর্ড কিংবা সাংস্কৃতিক কর্মকাণ্ডের রাজধানী হিসেবে। এ ক্লাবেই একসময় অভিনয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেছেন জাতীয় পর্যায়ের অভিনেতা আনোয়ার হোসেন, আনোয়ারা, নার্গিস, শওকত আকবর, গোলাম মুস্তফা, ফেরদৌসী মজুমদার, মামুনুর রশিদ, অঞ্জু ঘোষ, হানিফ সংকেতসহ অনেকই। কিন্তু সেই সুনাম ও ঐতিহ্য এখন আর নেই। বিশেষ করে যে পটিয়া ক্লাবকে কেন্দ্র করে সবচেয়ে বেশি নাটক ও অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালিত হতো সেই ক্লাবের কর্মকাণ্ডই ঝিমিয়ে পড়েছে প্রায় এক দশক ধরে নেতৃত্বের দ্বন্দ্বের কারণে। ক্লাবটি এখন প্রাণহীন অবকাঠামো সর্বস্ব প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। পাশাপাশি কেলিশহর, হাবিলাসদ্বীপ, নাইখাইন, ধলঘাট ও চক্রশালা ইত্যাদি এলাকারও নাটক, যাত্রা, থিয়েটারসহ নানা ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য খ্যাতি ছিল। বর্তমানে এসব এলাকায় আগের অবস্থা নেই। অধুনালুপ্ত পটিয়া শৌখিন নাট্য গোষ্ঠীর (১৯৬৭-৮৫) সাধারণ সম্পাদক ও সংগঠক এ কে এম শামসুল আলম অভিনয় করেছেন ১৩০টির বেশি নাটকে। তিনি বলেন, ‘আগে সংগঠক ও কর্মীদের পরস্পরের প্রতি শ্রদ্ধা ও স্নেহের সম্পর্ক ছিল। কিন্তু আশির দশকের পর থেকে বিভিন্ন সংগঠনে রাজনীতি ও স্বার্থের টানাপোড়েন শুরু হয়। এর প্রভাব পড়ে পটিয়া ক্লাবসহ সার্বিক সাংস্কৃতিক অঙ্গনেও। পৃষ্ঠপোষকতা ও পারিবারিক উদাসীনতার শিকার নতুন প্রজন্মও ঝুঁকে পড়েছে স্বার্থ ও অপসংস্কৃতির দিকে। পটিয়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক অভিজিৎ বড়ুয়া বলেন, ‘একসময় সংস্কৃতিকর্মীরা ছিলেন ত্যাগী ও নিবেদিতপ্রাণ। আজকের যান্ত্রিক সভ্যতার কারণে যুবসমাজ অর্থের পেছনে ছুটছে বেশি। পাশাপাশি অপসংস্কৃতি বাঙালি সংস্কৃতি চর্চার ক্ষেত্রে বড় বাধা। পটিয়ার সাংস্কৃতিক অঙ্গনও এর বাইরে নয়।’ পটিয়া ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম তসলিম জানান, সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন কামালের সময় মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ায় ক্লাবের সামগ্রিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হয়। শিগগিরই নির্বাচনের মাধ্যমে অচলাবস্থা দূর হয়ে যাবে। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলাপ করে জানা যায়, ১৯৪৪ সালে পটিয়ার সাবেক সার্কেল অফিসার স্যার গ্রেগরি গোমেজের উদ্যোগে পটিয়া ক্লাব প্রতিষ্ঠিত হয়। ওই সময় কিছু বিনোদনমূলক কার্যক্রম চললেও স্থানীয়ভাবে তেমন সাংস্কৃতিক ব্যক্তিত্ব বা সংগঠন ছিল না। ষাটের দশক থেকে বিভিন্ন জাতীয় দিবসকে কেন্দ্র করে পটিয়ার কিছু সরকারি কর্মকর্তা-কর্মচারী বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতেন। সে সময় লক্ষ্মীপদ আচার্য্য, বাঁশখালীর অচিন্ত কুমার বড়ুয়া, চক্রশালার বেবি দাশসহ অনেকে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতেন। পরবর্তী সময়ে তৎকালীন পটিয়া পুলিশের সার্কেল ইন্সপেক্টর (সিআই) সিকদার, মোহাম্মদ আবদুল হালিম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন, আবদুস ছত্তার, সার্কেল অফিসার সৈয়দ সফিকুর রহমান, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মচারী নুরুল আবছার, ফণিভূষণ বড়ুয়া এলাকার সাংস্কৃতিক কর্মকাণ্ড প্রসারে ভূমিকা রাখেন। ষাট ও সত্তরের দশকে পটিয়ায় সাংস্কৃতিক অঙ্গনকে যাঁরা সমৃদ্ধ করেন তাঁদের মধ্যে রয়েছেন আহমদ কবির মোক্তার, ডা. জহুরুল হক, ডা. কে আকতার, আবদুল মোমেন খাদেমী, গোপালকৃষ্ণ মহাজন, উপেন্দ্র লাল সেন, বজলুর রহমান, চৌধুরী মোহাম্মদ হাসেম, নুরুল ইসলাম, আমিনুর রহমান, এম এ হক, আবদুর রশিদ, নুরুল ইসলাম, আবদুল হক আল্লাই, এম এ মান্নান, এম এ ছালাম, হাবিবুর রহমান, এ কে এম শামসুল আলম, জালাল উদ্দিন আহম্মদ, মাহবুবুল আলম তসলিম, অধ্যাপক আবদুল আলীম, এ কে এম শাহজাহান প্রমুখ। সংগীতে মঞ্চ মাতিয়ে রাখার জন্য ডা. জহুর, ডা. কামাল এবং ডা. প্রিয়দর্শন চৌধুরীর পরিবারের মেয়েদের অবদান ছিল। গিয়াস উদ্দিনের বক্তব্যনাট্য ব্যক্তিত্ব মোহাম্মদ গিয়াস উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ছাত্রজীবন থেকে আমার নেশা ছিল নাটক ও খেলাধুলার প্রতি। চাকরি উপলক্ষে পটিয়া এসে এখানকার সংস্কৃতিমনস্ক মানুষদের সঙ্গে আমি মিশে যাই। তখন পটিয়া ক্লাব ছিল পথিকৃৎ সংগঠন। পরবর্তী সময়ে পটিয়া শৌখিন নাট্য গোষ্ঠী, ঝংকার সংগীত বিদ্যাপীঠ, নিবেদন শিল্পী গোষ্ঠী, উদীচী শিল্পী গোষ্ঠী, আমরা কজন সচেতন, মালঞ্চ সাহিত্যগোষ্ঠী, কুসুমকলি আসর, বর্ণরেখা খেলাঘর আসরসহ কয়েকটি সংগঠন সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে পুরোনো ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করে। বর্তমানে পটিয়া সাহিত্যবিশারদ স্মৃতি সংসদ, পটিয়া থিয়েটার ও টিআইবি, প্রথম আলো বন্ধুসভাও কিছু কাজ করছে।