
বইয়ের পোকা অনেকেই। তবে আনোয়ার হোসেন আকন্দ আরেক ধাপ এগিয়ে। তিনি যা পড়েন, তা আবার যত্ন নিয়ে সংগ্রহ করেন। খ্যাতনামা ব্যক্তিদের জীবনী, ইতিহাস ও রোজকার পত্রিকার গুরুত্বপূর্ণ প্রতিবেদনগুলো কেটে সংরক্ষণ করেন। আর এই কাজটি তিনি করছেন ৫০ বছর ধরে। তাঁর সংগ্রহ করা তথ্যই এখন হয়ে উঠেছে তথ্যে চমৎকার এক উৎস।
সংগ্রাহক আনোয়ার হোসেন আকন্দের বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার আকন্দপাড়া গ্রামে। গত মাসে তাঁর বাড়িতে হাজির হয়েছিলাম। বাড়ির ভেতরে টিনে ছাওয়া ঘর। সেটির তিনটি কক্ষে বিভিন্ন সংবাদপত্রের হরেক রকম প্রতিবেদন বাঁধাই করে রাখা হয়েছে বইয়ের মতো করে।
বিচিত্রা, রোববার, ছুটি, মুসলিম জাহানসহ সাপ্তাহিক ও মাসিক সাময়িকীও রাখা আছে বাঁধাই করে। আছে ১৯৬৫ থেকে ১৯৭২ সাল পর্যন্ত মুক্তিযুদ্ধ এবং পরবর্তী সময়ে বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরের গুরুত্বপূর্ণ পত্রিকার ছাপানো খবর কেটে (ক্লিপিংস) রাখা হয়েছে। রয়েছে দেশ-বিদেশের বিভিন্ন ঘটনার পাঁচ হাজারের বেশি রং-বেরঙের ছবি।
আনোয়ার হোসেন বলেন, ‘মুক্তিযুদ্ধের পরের বেশ কিছু দুর্লভ সংবাদপত্র আছে আমার সংগ্রহে। সংবাদপত্রগুলোর অধিকাংশই ১৯৭২ সালে প্রকাশিত। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তি এবং স্বদেশ প্রত্যাবর্তনের ঘটনাবলি নিয়ে ঢাকা থেকে প্রকাশিত ওই সময়ের বেশ কয়েকটি পত্রিকা আমার সংগ্রহে রয়েছে।’
তাঁর সংগ্রহশালায় আছে ১৯০ বছরের পুরোনো (১৮২৭ সালের) মক্তব সাহিত্যের প্রথম ভাগ, ১৮৭৭ সালের শুভঙ্করী, ১৯৩৮ সালের ব্রিটিশ আমলের বই পাঠান গৌরব, ১৯০৬ সালের উপন্যাস কাজী বাড়ীর পুকুর। তাঁর আলমারিতে দেখা গেল শত বছর আগের বিজ্ঞান, বৃক্ষ, খেলাধুলা, চিকিৎসাশাস্ত্র নিয়ে কিছু বই। ৮২ বছর আগের পুরোনো বিয়ের মানপত্র, বিদায় অনুষ্ঠানের মানপত্র, নির্বাচনী প্রতীক, মেট্রিক পরীক্ষার সনদসহ আরও অনেক দুষ্প্রাপ্য দলিল। প্রত্যন্ত গ্রামাঞ্চলে থেকেও তিনি প্রথম আলোর একজন নিয়মিত পাঠক। জানালেন নিজের তথ্যভান্ডারকে সমৃদ্ধ করতে গুরুত্ব দিয়ে থাকেন প্রতিদিনের প্রথম আলোকে। প্রথম আলোর বিভিন্ন আলোচিত খবর, নকশা, ছুটির দিনে, বিনোদন পাতা থেকে সংবাদ ও ছবি সংগ্রহ করে থাকেন।
জ্ঞানের আলো ছড়িয়ে দিতে বাঁধাই করা বই আগে গ্রামের লোকজনের বাড়িতে বাড়িতে পড়তে দিয়ে আসেন। পড়া শেষে হলে নিজেই আবার ফেরত নিয়ে আসেন। তাঁর বাড়িতেও গড়ে তুলেছেন পারিবারিক গ্রন্থাগার। বড় মেয়ে ঊষার নামে গ্রন্থাগারটির নামকরণ করেছেন ‘ঊষা পারিবারিক লাইব্রেরি’। এখানে নিয়মিতই পড়তে আসেন অনেক গ্রামবাসী।
১৯৫৫ সালের ১ অক্টোবর আকন্দপাড়াতেই তাঁর জন্ম। আতাউর রহমান বই পড়ার প্রতি আগ্রহী হয়েছেন স্কুলশিক্ষক বাবার হাত ধরে। মাত্র ১০ বছর বয়স থেকে তিনি এসব সংগ্রহ করছেন। আতাউর রহমান বলেন, ‘আমার সংগ্রহ পরবর্তী প্রজম্মের যেন কাজে লাগে, সে ব্যবস্থা করে যেতে চাই।’