মশারিজাল দিয়ে পোনা আহরণ নিষেধ। কারণ এতে বিভিন্ন প্রজাতির মাছের বংশ ধ্বংস হয়। কিন্তু আনোয়ারার বঙ্গোপসাগর উপকূল ও শঙ্খ নদে যে হারে চিংড়িপোনা নিধনের মহোৎসব চলছে তাতে বোঝার উপায় নেই যে এ কাজটি নিষিদ্ধ। আর চিংড়িপোনা আহরণ করেই শিকারিরা প্রতিদিন আয় করছেন হাজার টাকা।খোঁজ নিয়ে জানা যায়, আনোয়ারার বঙ্গোপসাগরের তীরবর্তী পারকি সৈকত, ছিপাতলীঘাট, দোভাষিবাজার ঘাট, বাইঘ্যারঘাট, বার আউলিয়া ও ঘাটকূল পর্যন্ত বিস্তীর্ণ এলাকাজুড়ে ব্যাপকহারে চিংড়িপোনা আহরণ চলছে। এ ছাড়া শঙ্খ নদের পার, বিশেষ করে রায়পুরের দক্ষিণ গহিরা, ফকিরহাট, পূর্ব গহিরা, দক্ষিণ সরেঙ্গা, সাপমারা খালের মুখ, দক্ষিণ জুঁইদণ্ডী, শান্তিরহাট, গোদারগোড়া, বরুমচড়ার ভরাচর, কানুমাঝিরহাট, ভরাশঙ্খ, বারখাইন ও হাইলধর ইউনিয়নের বিভিন্ন এলাকায় চলছে পোনা নিধনযজ্ঞ। মশারিজাল দিয়ে পোনা আহরণ করছেন শিকারিরা। ১০ মে রায়পুর ও জুঁইদণ্ডীর সাপমারা খালের মুখে গিয়ে দেখা যায়, কয়েক শ জাল দিয়ে পোনা আহরণ চলছে। আহরণকারীদের বেশির ভাগ জানেন না এভাবে পোনা আহরণ নিষেধ। আবার যাঁরা জানেন তাঁরাও টাকার লোভে নীরবে আহরণকাজে শামিল হচ্ছেন। দক্ষিণ সরেঙ্গার পোনা আহরণকারী আবদুর রহমান বলেন, ‘গত এক সপ্তাহে আমি ও আমার এক ছেলে মিলে পোনা আহরণ করে ৪০ হাজার টাকা আয় করেছি। আমার চাইতে বেশি আয় করেছেন এমনও অনেকে আছেন।’ তিনি জানান, চিংড়িপোনা আহরণ করা বেআইনি এ কথা তিনিসহ অনেকে জানেন না। আর মৎস্য বিভাগের লোকজনও তাদের কিছু বলে না। খুরুস্কুল এলাকার বাসিন্দা মনিরুল ইসলাম বলেন, ‘দুই-তিন ঘণ্টা পরিশ্রম করে আমরা হাজার টাকা আয় করছি। পোনা যতদিন আহরণ করতে পারব ততদিন সংসারে অভাব থাকবে না।’ পোনা আহরণ নিষেধ এবং অন্যায়, তবুও এ কাজ কেন করছেন জানতে চাইলে খুরুস্কুলের নূর মোহাম্মদ বলেন, ‘ফানিদি টেঁয়া বা-আই যারগই ন ধইত্তাম?’ (পানি দিয়ে টাকা ভেসে যাচ্ছে, ধরব না ?)পোনা আহরণকারীরা জানান, বর্তমানে গলদা চিংড়ির পোনার চাহিদা বেশি। গলদার একটি পোনায় পাওয়া যাচ্ছে দেড় থেকে দুই টাকা। এসব পোনা খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটে নিয়ে যাওয়া হয় চিংড়ি ঘেরের জন্য। আরও দুই-তিন মাস এভাবে পোনা আহরণ চলবে তাঁরা জানান। আনোয়ারা উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘এভাবে পোনা আহরণ নিষিদ্ধ। তা অমান্য করে কেউ পোনা আহরণ করলে দুই হাজার টাকা জরিমানা, ছয় মাসের জেল অথবা একই সঙ্গে উভয় দণ্ড হতে পারে।’ আনোয়ারার অন্তত ২০ কিলোমিটার উপকূলীয় এলাকাজুড়ে চিংড়িপোনা সংগ্রহের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমরা এলাকার মানুষকে উদ্বুদ্ধ করছি। এ ছাড়াও বিভিন্ন সময় অভিযানও পরিচালনা করেছি। কিন্তু আমরা যাওয়ার আগেই শিকারিরা পালিয়ে যায়।’