বনে মানুষের বসতি গড়ে উঠছে, চলছে অহরহ গাছ নিধন, পশুদের খাদ্যের অভাব। এসব কারণে বন্য হাতির দল লোকালয়ে চলে আসছে। ২ জানুয়ারি একপাল হাতি লোকালয়ে এসে চার দিনব্যাপাী আনোয়ারা-কর্ণফুলী এলাকায় ত্রাস সৃষ্টি করেছে। হাতির পায়ের তলায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছে দুজন। গত ছয় মাসে দ্বিতীয়বারের মতো হাতি লোকালয়ে এল।সূত্র জানায়, গত সোমবার থেকে একপাল হাতি বাঁশখালীর পাহাড় থেকে নেমে এসে আনোয়ারা ও কর্ণফুলীর বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করে। এগুলো আনোয়ারার বারখাইন, বৈরাগ ও কেইপিজেড হয়ে কর্ণফুলী থানার মরিয়ম আশ্রম এলাকার পশ্চিমে পাহাড়ে অবস্থান নেয়। মঙ্গলবার মরিয়ম আশ্রম এলাকার জুয়েল দাশ (১৪) নামের এক শিশু পায়ের তলায় পিষ্ট হয়। বুধবার সারা দিন আনোয়ারার দেয়াং পাহাড়, গুচ্ছগ্রাম এলাকা ঘুরেছে বন্য হাতি। বৃহস্পতিবার ভোরে বরুমচড়ায় চম্পা আকতার (৩৫) নামের এক গৃহবধূ হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে মারা যান। পরে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত হাতির পালটি লোকালয়ে থেকে রাতে বনে চলে যায়। এভাবে পাহাড়ের হাতি লোকালয়ে চলে আসার ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।চট্টগ্রামের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ আলী প্রথম আলোকে জানান, পাহাড়ে খাদ্যের অভাব ও বনজঙ্গল উজাড়ের কারণে হাতি লোকালয়ে চলে আসে। অনেক সময় পাহাড়ে বাড়িঘর নির্মাণের কারণেও হাতির পাল লোকালয়ে আসতে পারে।পটিয়া বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা সত্যজির্যা রায় বলেন, গত বছরের ১৭ জুলাই আনোয়ারায় একটি হাতির পাল চলে আসে, তবে সে সময় কোনো প্রাণহানি ঘটেনি।আনোয়ারা উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম খান সওগাত বলেন, গত ছয় মাসের মধ্যে দুবার পাহাড়ি হাতির দল আনোয়ারায় আসে। এতে প্রাণহানির ঘটনা ঘটছে। এভাবে লোকালয়ে ঘন ঘন হাতির পাল চলে আসায় আতঙ্কে থাকেন তাঁরা।উপজেলা চেয়ারম্যান আরও বলেন, হাতির আঘাতে নিহতের পরিবারকে সরকারি সহায়তা দেওয়া হবে।