আনোয়ারার বখতেয়ার সড়কের মেরামত হয়নি আড়াই বছরেও
‘আমার জেঠার ক্যানসার। তাঁকে সপ্তাহে দুইবার শহরে চিকিত্সকের কাছে নিয়ে যেতে হয়। আর এ সময়ে ঘর থেকে দুই কিলোমিটার দূরে গিয়ে গাড়িতে উঠতে হয়। সড়কের সমস্যার কারণে প্রায় তিন বছর ধরে এমন ভোগান্তি পোহাচ্ছি।’ বলছিলেন আনোয়ারার রায়পুরের ফকিরহাটের হাড়িয়াপাড়ার মাদ্রাসাছাত্র মোহাম্মদ নেজামউদ্দিন।নেজামউদ্দিনের মতো সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন রায়পুরের গহিরা, ঘাটকুল, বার আউলিয়া গ্রামের মানুষ। এলাকাবাসী জানান, ২০০৮ সালের জুন-জুলাইতে প্রবল জোয়ারের ধাক্কায় বখতেয়ার সড়কের বাইন্যাদিঘি থেকে গহিরা ফকিরহাট পর্যন্ত অংশের ব্যাপক ক্ষতি হয়। খানা-খন্দকে পরিণত হয় সড়কের বেশির ভাগ অংশ। রায়পুরের ৪০ হাজার বাসিন্দার শহরে যাতায়াতের একমাত্র মাধ্যম এ সড়ক। সরেজমিনে দেখা যায়, শুধু বাইন্যাদিঘি থেকে ফকিরহাট পর্যন্ত আটটির বেশি স্থানে সড়কটি খাদে পরিণত হয়েছে। স্থানীয় লোকজন কোনো রকমে হাঁটাচলা করলেও যানবাহনে চলতে পারে না। আর আপত্কালীন সময়ে তাঁদের পড়তে হয় সীমাহীন কষ্টে। কিন্তু ক্ষতির প্রায় দুই বছরে সড়কটি মেরামত করা হয়নি। আনোয়ারার পশ্চিম পাশের উপকূলীয় রায়পুর, বারশত, বটতলীর (আংশিক) ওপর দিয়ে চলে যাওয়া বখতেয়ার সড়কটির কবিরেরটেক থেকে মিন্নত আলী দোভাষীহাট পর্যন্ত কার্পেটিং থাকলেও দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। বিশেষ করে বখতেয়ারপাড়া এলাকায় ঝুঁকি নিয়ে চলাচল করে যানবাহন। স্থানীয় লোকজন জানান, বখতেয়ার সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা সারা বছর রায়পুর উপকূল থেকে আহরিত সামুদ্রিক মাছ পরিবহন করা হয় এ সড়ক দিয়েই। শুধু তাই নয়, এ সড়ক দিয়ে উপজেলার তিনটি ইউনিয়নের মানুষ প্রতিদিন লক্কড়-ঝক্কর চাঁদের গাড়ি নিয়েই শহরে যাতায়াত করেন। রায়পুরের সাবেক চেয়ারম্যান নুরুন্নবী জানান, ‘বখতেয়ার সড়কটি রায়পুরবাসীর চলাচল এবং ব্যবসায়িক লেনদেনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি সংস্কার না হওয়ায় জনসাধারণের ভোগান্তির শেষ নেই।’বর্তমান চেয়ারম্যান আবু সৈয়দ চৌধুরীও বখতেয়ার সড়কের সমস্যার কথা স্বীকার করেন।এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মো. ইস্রাফিল আল-হারুন প্রথম আলোকে জানান, ‘এখনো বখতেয়ার সড়কের দরপত্র আহ্বান করা হয়নি। তবে এসংক্রান্ত প্রক্রিয়া প্রায় চূড়ান্ত। আশা করছি শিগগিরই বখতেয়ার সড়কের সমস্যার সমাধান হবে।’