আনোয়ারার ৩০টি পরিবারে গরু ও টিন বিতরণ
সরকারের একটি বাড়ি, একটি খামার প্রকল্পের আওতায় আনোয়ারায় এক হাজার ২০০ পরিবারকে আত্মনির্ভরশীল করার উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন। এ প্রক্রিয়ার অংশ হিসেবে আনোয়ারায় প্রথম পর্যায়ে ৩০টি পরিবারকে ৩০টি গরু এবং প্রতিটি পরিবারকে দুই বান্ডেল করে টিন হস্তান্তর করা হয়েছে। স্থানীয় সাংসদ আখতারুজ্জামান চৌধুরী এই গরু এবং টিন হস্তান্তর করেন। গরু ও টিন বিতরণ উপলক্ষে ২০ ফেব্রুয়ারি উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম খানের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে একটি সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু শাহেদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাহাউদ্দিন খালেক শাহজী, সাধারণ সম্পাদক কাজী মোজাম্মেল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান এম এ হান্নান চৌধুরী, রেহানা ফেরদৌস, ব্যাংকের সভাপতি এম মান্নান চৌধুরী সঞ্চালনায় সভায় প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন পল্লী উন্নয়ন কর্মকর্তা সুপ্রভা চাকমা। অনুষ্ঠানে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা সরকারের দেওয়া এই সম্পদ সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে প্রতিটি পরিবারকে একটি খামারে পরিণত করে দারিদ্র্য বিমোচনে এগিয়ে আসার আহবান জানান।