আনোয়ারায় অভিনব উপায়ে টিলা কেটে বালু বিক্রি

রাতের অন্ধকারে কাটা হয়েছে টিলা। পাদদেশে খুঁড়ে রাখা হয়েছে একাধিক গর্ত। টিলার কাটা অংশ থেকে বৃষ্টির পানির সঙ্গে বালু এসে জমছে গর্তে। সেই গর্ত থেকে বালু তুলে নেওয়া হচ্ছে বিক্রির জন্য। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের বন্দর এলাকায় এভাবে অভিনব উপায়ে টিলা কেটে বালু বিক্রি করছে একটি সংঘবদ্ধ চক্র।
১৫ মে বিকেল চারটায় উপজেলার বন্দর এলাকার দেয়াঙ পাহাড়ে গিয়ে এই চিত্র দেখা যায়। পাহাড়ঘেরা এ এলাকায় ৩০ ফুট উচ্চতার একটি টিলা তিন দিক থেকে কেটে নেওয়া হয়েছে। টিলার পাশেই টিনের ছাউনি দেওয়া একটি বাড়িতে বসবাস করেন সবুর মিয়া। এ ব্যাপারে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘কারা এখানে টিলা কাটছে আমি জানি না। এটা আমাদের বসতভিটার জমি। আমরা সরকারি টিলা কাটিনি।’
তবে ওই এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, রাতের অন্ধকারে ওই এলাকা থেকে ছোট ট্রাকে করে বালু নিয়ে যাওয়া হয় বিক্রির জন্য। একটি প্রভাবশালী চক্র এর সঙ্গে জড়িত থাকায় ভয়ে কেউ মুখ খুলতে চান না।
বটতলী ইউনিয়ন ভূমি কার্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, বৈরাগ ইউনিয়নের বন্দর গ্রামের ৮৩ শতক আয়তনের ওই টিলা বন্দর মৌজার ৫৬৩ নম্বর বিএস খতিয়ানে খাসজমি হিসেবে তালিকাভুক্ত আছে।
এ ব্যাপারে জানতে চাইলে বটতলী ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা বন্দর এলাকায় গিয়ে সরকারের খাসজমির টিলা কাটার প্রমাণ পেয়েছি। তবে সেখানে গিয়ে কখনোই কাউকে পাওয়া যায়নি। এ জন্য কারও বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া যায়নি। স্থানীয় লেকজনকে আমরা টিলা না কাটার পরামর্শ দিয়েছি।’
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী সরকারি-বেসরকারি ও ব্যক্তিমালিকানাধীন কাজে পাহাড়-টিলা কাটা বা অন্য কোনো উপায়ে ভূমিরূপ পরিবর্তন করা যাবে না।
এ ব্যাপারে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা গৌতম বাড়ৈ প্রথম আলোকে বলেন, বন্দর গ্রামে টিলা কাটা বন্ধে উদ্যোগ নেওয়া হয়েছে। এ ব্যাপারে প্রশাসন নজরদারি করছে।