আনোয়ারায় আবাদি জমির মাটি কাটার হিড়িক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বোরো চাষ হয়নি এমন ফসলি জমির উপরিভাগের মাটি বিক্রি করছেন চাষিরা। খনিজ ও জৈব উপাদান বিশেষ করে হিউমাস (জৈব কণা) সমৃদ্ধ মাটির এই অংশ তুলে ফেলার কারণে জমির উর্বরতা শক্তি কমে যাচ্ছে। কৃষিবিদেরা বলছেন, এর ফলে বেশ কয়েক বছর ওই সব জমিতে ফসলের কাঙ্ক্ষিত উৎপাদন হবে না।
ঘরবাড়ির ভিত্তি তৈরি ও ইটভাটায় ব্যবহারের জন্য মাটি কাটা হচ্ছে বলে জানা গেছে। সরেজমিনে দেখা গেছে, একশ্রেণির ট্রাক মালিক ও চালক কৃষকদের প্রলোভন দেখিয়ে মাটি কিনে নিচ্ছেন। প্রতি ট্রাক মাটি তাঁরা বিক্রি করছেন ৬০০ থেকে ১২০০ টাকা।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার রায়পুর, চাতরী, বারখাইন, আনোয়ারা ও হাইলধর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ফসলি জমির মাটি কাটা হচ্ছে। জমির মালিক ও মাটি কাটার সঙ্গে যুক্ত শ্রমিকেরা বলেন, বসতভিটা ভরাট ও বিভিন্ন স্থাপনা নির্মাণের জন্য মাটি কাটা হচ্ছে। কোনো কোনো স্থানে মাটি কাটার কাজে এক্সকাভেটর (খনন যন্ত্র) ব্যবহার করা হচ্ছে।
২৫ জানুয়ারি দুপুরে উপজেলার হাইলধর মালঘর বাজার এলাকায় গিয়ে দেখা গেছে, পাশাপাশি তিনটি জমিতে দুই থেকে আড়াই ফুট গভীর করে মাটি কাটা হচ্ছে। একটি জমিতে খনন যন্ত্র ব্যবহার করতে দেখা গেছে। জমির পাশে দাঁড়ানো ট্রাকে মাটি তুলছেন শ্রমিকেরা। বোরোর আবাদ শুরু না হওয়ায় ট্রাকগুলো জমির মাঝখান দিয়ে চলাচল করছিল। এসব জমিতে দুই থেকে আড়াই ফুট গভীর করে মাটি তোলা হচ্ছে। একই দিন উপজেলার বিলপুর গ্রামেও দেখা যায় প্রায় সব কটি জমি থেকে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে।
মালঘর বাজার এলাকায় মাটি কাটার সময় আলী আহমদ (৪৪) নামের এক শ্রমিক বলেন, ‘আমরা দিনমজুর হিসেবে কাজ করছি। দৈনিক ৫০০ টাকা মজুরিতে একজন ট্রাকচালক আমাদের কাজে নিয়োগ দিয়েছেন। তিনিই এ ব্যবসা করছেন।’
এ সময় ট্রাকে বসা চালক (মাটি কিনে বিক্রি করেন) বলেন, ‘এ মৌসুমে মানুষ ঘরবাড়ি তৈরি করে। এ জন্য এ সময় আমরা এ ব্যবসা করি। এতে কেউ আমাদের বাধা দেয় না।’
বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ বলেন, এলাকার প্রায় সব জায়গায় বোরো চাষ হচ্ছে। তবে কিছু কিছু জায়গা থেকে ফসলি জমির মাটি কাটা হচ্ছে বলে শুনেছি। এ ব্যাপারে খোঁজ নেওয়া হবে।
জানতে চাইলে আনোয়ারা উপজেলা কৃষি কর্মকর্তা মো. একরাম উদ্দিন প্রথম আলোকে বলেন, জমি থেকে যে হারে ফসলি জমির মাটি তুলে নেওয়া হচ্ছে তাতে কয়েক বছর ভালো ফসল হবে না। কারণ এতে জমির উর্বরতা শক্তি কমে যায়।
এ ব্যাপারে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গৌতম বাড়ৈ বলেন, ‘ইতিমধ্যে উপজেলার বিভিন্ন স্থানে মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে।’