আনোয়ারায় আড়াই শ পোলট্রি খামার বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রমাগত বাচ্চা, খাদ্য ও ওষুধের দাম বাড়তে থাকায় লোকসান গুনতে গুনতে আনোয়ারায় আড়াই শ পোলট্রি খামার বন্ধ হয়ে গেছে। সরেজমিন ঘুরে এবং খামারিদের সঙ্গে কথা বলে জানা যায়, ধারাবাহিক লোকসান গুনতে গুনতে আনোয়ারার অনেকেই পোলট্রি ব্যবসা ছেড়ে দিয়েছেন। মাত্র কয়েক মাস আগে এক বস্তা খাদ্যের দাম যেখানে দেড় হাজার টাকার মধ্যে ছিল তা বর্তমানে হয়েছে এক হাজার ৯০০ টাকা। ফলে মাত্র এক হাজার বাচ্চার জন্য খাদ্য লাগে বাড়তি ১৬ হাজার টাকার ওপরে। তার ওপর আছে ওষুধের বাড়তি খরচ। শুধু তাই নয়, বর্তমানে একটি বাচ্চা কিনতে হচ্ছে ৬০ থেকে ৬২ টাকায়। এর আগে একটি বাচ্চার দাম ছিল ৩০ থেকে ৩২ টাকা। তা ছাড়া, বাচ্চার মূল্য বেড়ে ৬০ টাকার ওপর হওয়ায় বর্তমানে এক হাজার মুরগিতে খরচ পড়ছে এক লাখ ৫০ হাজারের ওপরে। এক হাজার বাচ্চার জন্য ৭৫ হাজার টাকার ওপরে খাবারের ব্যয়, ওষুধ খরচ সাত হাজার, বিদ্যুৎ-ভুসি দুই থেকে আড়াই হাজার, কর্মচারীর বেতন পাঁচ হাজার টাকা। শেষ পর্যন্ত একটি মুরগির পেছনে খরচ পড়ে দেড় শ টাকার ওপরে।বরুমচড়ার খামারি আফজলুল হক জানান, এক হাজার বাচ্চার মধ্যে মরে যাওয়ার পরে যখন বিক্রির জন্য তৈরি হয় তখন ন্যূনতম ২৭ মণ পর্যন্ত ওজন পড়ে। আর প্রতিমণের জন্য খরচ হয় ছয় হাজার টাকার ওপর। কিন্তু বিক্রি করে পাঁচ হাজার টাকার বেশি দাম পাওয়া যাচ্ছে না। ফলে লাভের আশায় এ ব্যবসায় বিভিন্নভাবে অর্থের জোগান দিয়ে শেষে বিশাল অঙ্কের লোকসান গুনতে হচ্ছে আমাদের।জানা গেছে, মুরগির বাচ্চার মালিক এবং খাদ্য ব্যবসায়ীরা সব সময় লাভের মুখ দেখলেও বার বার লোকসানে পড়ে খামারিরা। কারণ, বাচ্চা বা খদ্যের দাম বাড়ার সঙ্গে সঙ্গে তাঁরা তা উঠিয়ে নিতে পারলেও খামারিরা তা পারেন না। বাচ্চা ও খাদ্য ব্যবসায়ী তৈয়বিয়া পোলট্রির পরিচালক মোস্তাক আহমদ জানান, মুরগির খামার বন্ধ হয়ে গেলে আমাদের টাকা মাঠে আটকে যায়। গত মাসে উপজেলার বরুমচড়ার খামারি মোহাম্মদ বেলাল আড়াই হাজার বাচ্চা তুলে লোকসান দিয়েছেন ৮০ হাজার টাকা। তিনি আর বাচ্চা তোলেননি। আনোয়ারা প্রাণী সম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, আনোয়ারায় ১১ ইউনিয়নে ছোট-বড় মিলিয়ে ৪৪০টি ব্রয়লার ও ২০টির মতো লেয়ার মুরগির খামার আছে। আনোয়ারাসহ পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলায় বাচ্চা ও খাদ্য সরবাহকারী প্রতিষ্ঠান ফেতান শাহ পোলট্রির মালিক মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী প্রথম আলোকে জানান, আনোয়ারার চার শতাধিক খামারে আমরা বাচ্চা ও খাদ্য সরবরাহ করে থাকি। বর্তমানে বাচ্চা ও খাদ্যের দাম বাড়াসহ নানা কারণে আড়াই শর ওপরে খামার বন্ধ হয়ে আছে। বার বার লোকসান গুনতে গুনতে অনেকে এ ব্যবসা ছেড়েও দিচ্ছেন বলে জানান তিনি।আনোয়ারা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, একসময় এটি লাভজনক ব্যবসা ছিল। বাচ্চাসহ বিভিন্ন সামগ্রীর ক্রমাগত দাম বাড়ায় বর্তমানে সমস্যা হচ্ছে। আশা করি এ সমস্যা বেশি দিন থাকবে না।