আনোয়ারায় ইলিশ উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নৌকা থেকে ইলিশ নামিয়ে বাজারজাত করার জন্য বরফ দিচ্ছেন জেলেরা। ছবিটি আনোয়ারার রায়পুর ইউনিয়নের ফকিরহাট থেকে তোলা l প্রথম আলো
নৌকা থেকে ইলিশ নামিয়ে বাজারজাত করার জন্য বরফ দিচ্ছেন জেলেরা। ছবিটি আনোয়ারার রায়পুর ইউনিয়নের ফকিরহাট থেকে তোলা l প্রথম আলো

সুদিন ফিরেছে আনোয়ারার জেলেদের। জাল ফেললেই উঠে আসছে রুপালি শস্য—ইলিশ। এক সপ্তাহ ধরে আনোয়ারা উপকূলজুড়ে যেন ইলিশ ধরার উৎসব চলছে। জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ায় খুশি জেলেরা।

আনোয়ারা উপকূলে রায়পুরের সরেঙ্গা, পূর্ব গহিরা, ফকিরহাট, গলাকাটা ঘাট, বাতিঘর, ধলঘাট, বার আউলিয়া, উঠান মাঝির ঘাট, দোভাষী ঘাট ও ছিপাতলী ঘাট, জুঁইদণ্ডী সাপমারা খালের মুখ এবং বারশতের পারকী বাজারসহ ১২টির অধিক ঘাটে চার হাজারের বেশি ছোট–বড় মাছ ধরার নৌকা সাগরে ইলিশ মাছ ধরায় ব্যস্ত সময় কাটাচ্ছে।

তবে সরকারিভাবে জেলেদের তালিকা না হওয়ায় সঠিক পরিসংখ্যান জানা যায়নি। উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, উপকূলজুড়ে সাড়ে তিন থেকে চার হাজার জেলে নৌকা ইলিশ ধরছে।

বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের বার আউলিয়া, ধলঘাট, ফকিরহাট, বাইন্যার দিঘি, দক্ষিণ সরেঙ্গা, দোভাষী বাজার ও ছিপাতলী ঘাট এলাকা ঘুরে দেখা গেছে, নৌকা থেকে মাছ বোঝাই করে এনে বাজারজাত করার জন্য বরফ দিচ্ছে জেলেরা। জেলেদের জালে ধরা পড়া বেশির ভাগ ইলিশ চার শ থেকে পাঁচ শ গ্রাম ওজনের। ছয় থেকে সাত শ গ্রাম ওজনের ইলিশ থাকলেও সংখ্যায় কম। চট্টগ্রামের পাশাপাশি ঢাকার যাত্রাবাড়ী বাজারেও যাচ্ছে এই মাছ।

হঠাৎ করে প্রচুর ইলিশ ধরা পড়ায় মাছ ধরার নৌকার মালিকদের প্রচুর লাভ হচ্ছে। অনেকেই সারা বছরে যা আয় করেন, গত এক সপ্তাহে তার সমান আয় করেছেন। ফকিরহাট এলাকার এফবি কালু শাহ নামের মাছ ধরার নৌকার মালিক মো. ইসমাইল বলেন, ‘আমার নৌকার মাঝি-মাল্লারা প্রায় ১০ হাজার ইলিশ নিয়ে উপকূলে এসেছে, যার বাজারমূল্য প্রায় ১১ লাখ টাকা। এভাবে কয়েকবার ইলিশ ধরতে পারলে পুরো বছরের আয় উঠে আসবে।’

জেলেরা জানান, এখন এক শ ইলিশের পাইকারি দাম রাখা হচ্ছে ১১ হাজার টাকা। সেই হিসাবে প্রতি কেজি ইলিশের দাম পড়ছে সাড়ে চার শ থেকে পঁাচ শ টাকা।

আরেক নৌকার মালিক মো. ওসমান বলেন, ‘আমার নৌকায় এবার ১২ হাজার মাছ ধরা পড়েছে। আর এসব মাছ আমি সরাসরি চট্টগ্রাম শহরে পাঠাচ্ছি। এতে লাভের পরিমাণ বেশি হবে।’

মাছ ব্যবসায়ী আবদুল মালেক বলেন, ‘ক্রেতাদের কাছে আনোয়ারা উপকূলের ইলিশের চাহিদা বেশি। তাই আমি এখান থেকেই মাছ কিনি। এক সপ্তাহ ধরে আনোয়ারা উপকূলে ভালোই ইলিশ ধরা পড়ছে।’

দোভাষী বাজারের ব্যবসায়ী মো. ইব্রাহীম বলেন, এলাকার সবার মুখে হাসি ফুটে উঠেছে। এ রকম আরও কয়েক ইলিশ ধরা পড়লে এলাকায় অভাব কমে যাবে।

আনোয়ারা উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা অনিল কুমার সাহা প্রথম আলোকে বলেন, এ সপ্তাহে উপকূলে বেশি পরিমাণ ইলিশ ধরা পড়ায় এলাকায় খুশির আমেজ বিরাজ করছে। গত ১০ দিন আগেও যেখানে পানিবন্দী মানুষের হাহাকার ছিল, সেখানে চলছে ইলিশ ধরার উৎসব।