আনোয়ারায় ইসলামিক রিলিফের ত্রাণ বিতরণ
বেসরকারি সংস্থা ইসলামিক রিলিফ আনোয়ারা উপজেলার এক হাজার ২৬৮ জন বন্যা দুর্গত লোকের মাঝে ত্রাণ হিসেবে নগদ টাকা বিতরণ করছে। উপজেলার পাঁচটি ইউনিয়নে চলছে এই কার্যক্রম।দেশের দক্ষিণাঞ্চলের বন্যা দুর্গত জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা, জীবিকায়ন ও পুনর্বাসনের লক্ষ্যে এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলে সংস্থাটির স্থানীয় প্রতিনিধিরা জানান। প্রকল্পের আওতায় থাকা প্রত্যেক উপকারভোগীকে নগদ ১০ হাজার টাকা ব্যবসা, চাষাবাদ ও গবাদিপশু পালনের জন্য দেওয়া হচ্ছে।এই প্রকল্পের অংশ হিসেবে গত বৃহস্পতিবার উপজেলার ৩৩৩ জনকে নগদ টাকা দেওয়া হয়। উপজেলার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) শাখায় এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংস্থার আনোয়ারা শাখার প্রকল্প ব্যবস্থাপক জাফর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রাণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ারার সাংসদ সাইফুজ্জামান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাহাউদ্দিন খালেক শাহজী, উপকর্মসূচি ব্যবস্থাপক ইকবাল হোসেন, আওয়ামী লীগের নেতা তৌহিদুল হক চৌধুরী ও বরুমচড়া ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির চৌধুরী।