আনোয়ারায় এক সপ্তাহে নয়টি ট্রান্সফরমার চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারার বিভিন্ন এলাকা থেকে এক সপ্তাহে পল্লী বিদ্যুতের নয়টি ট্রান্সফরমার চুরি হয়েছে। ১৪-২০ সেপ্টেম্বরের মধ্যে এসব ট্রান্সফরমার চুরি হয়। ফলে সংশ্লিষ্ট এলাকার চার শতাধিক গ্রাহক বিদ্যুতের অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন। সর্বশেষ ২০ সেপ্টেম্বর মধ্যরাতে উপজেলার বৈরাগ ইউনিয়নের বন্দরগ্রাম জেলেপাড়া থেকে দুটি ট্রান্সফরমার চুরি হয়। ঘন ঘন ট্রান্সফরমার চুরির ঘটনায় পল্লীবিদ্যুৎ সমিতির পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও পুলিশ কোনো ট্রান্সফরমার উদ্ধার কিংবা কাউকে গ্রেপ্তার করতে পারেনি। আনোয়ারা পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) দিলীপচন্দ্র সরকার জানান, ২০ সেপ্টেম্বর দুটিসহ এর আগের ছয় দিনে আনোয়ারার বিভিন্ন এলাকা থেকে নয়টি ট্রান্সফরমার চুরি হয়েছে। কিন্তু মজুদ না থাকায় সংশ্লিষ্ট এলাকায় নতুন ট্রান্সফরমার দেওয়া যায়নি। তিনি জানান, প্রতিটি চুরির ঘটনায় থানায় ডায়েরি করা হয়েছে। কিন্তু পুলিশ এখনো চোর ধরতে পারেনি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন আহমদ ট্রান্সফরমার চুরির ব্যাপারে পল্লী বিদ্যুতের পক্ষ থেকে ডায়েরি করার কথা স্বীকার করে বলেন, ‘আমরা চোর ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।’