আনোয়ারায় একটিও ভালো সড়ক নেই!

আনোয়ারা উপজেলার বিভিন্ন সড়কের দুর্দশা কাটেনি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন প্রায় সব কটি সড়ক বেহাল হয়ে পড়েছে। এর ফলে ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। প্রয়োজনের তুলনায় বরাদ্দ কম হওয়ায় সড়ক সংস্কার হচ্ছে না বলে জানা গেছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার হাসপাতাল থেকে বটতলী রুস্তমহাট পর্যন্ত ৫ কিলোমিটার দীর্ঘ ছুরুতবিবি সড়ক, পারকি-গহিরা সড়ক, পরৈকোড়ার লালানগর বাজার-কালীগঞ্জ সড়ক, মোহছেন আউলিয়া-গহিরা সড়ক, তৈলারদ্বীপ-বরুমচড়া সড়ক, তজমুল আলী ডিসি সড়ক, বখতিয়ার সড়ক, এস জে নিজাম সড়ক, বরুমচড়া-বটতলী সড়ক ও ধানপুরা বাজার হাজী আবদুল জলিল সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
আনোয়ারা স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্র জানায়, উপজেলায় ৩৭০ কিলোমিটার সড়ক রয়েছে। তার মধ্যে ৮৭ কিলোমিটার পিচঢালাই (কার্পেটিং), ৫৬ কিলোমিটার ইটের রাস্তা (ব্রিক সলিং) এবং ২২৭ কিলোমিটার কাঁচা সড়ক রয়েছে। এসবের মধ্যে নয়টি উপজেলা সড়ক, ১৬টি ইউনিয়ন পর্যায়ের সড়ক এবং ১০টি গ্রামীণ সড়ক রয়েছে। গত পাঁচ বছরে ২০টি সড়কের কিছু কিছু অংশ সংস্কার করা হলেও উপজেলার সড়কগুলোর তেমন সংস্কার হয়নি।
সূত্র আরও জানায়, উপজেলার বিভিন্ন স্থানের পুরোনো সড়ক মেরামত ও নতুন সড়ক নির্মাণের জন্য গত ৫ বছরে প্রায় ৪০ কোটি টাকা ব্যয় হয়েছে, যা প্রয়োজনের তুলনায় খুবই কম। এ সময়ের মধ্যে ২০টি সড়কের ২০ কিলোমিটার স্থানে নতুন করে পিচ ঢালাই এবং ১২টি সড়কের ৮ কিলোমিটার এলাকায় ইট বিছানো হয়।
জানা গেছে, গত পাঁচ বছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সড়ক সংস্কার করলেও সেসব টেকসই হয়নি। ফলে সংস্কারের সুফল মেলেনি।
আনোয়ারার ৫ নম্বর বরুমচড়া ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির চৌধুরী প্রথম আলোকে বলেন, ১১ ইউনিয়নের মধ্যে বরুমচড়ার দশা একেবারেই শোচনীয়। ইউনিয়নে এমন কোনো সড়ক নেই যেটি দিয়ে মানুষ সচ্ছন্দে চলাফেরা করতে পারে।
জানতে চাইলে আনোয়ারা উপজেলা প্রকৌশলী শিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সড়ক সংস্কারে যতটুকু বরাদ্দ দরকার আমরা তা পাইনি বলেই সড়কের দশা করুণ হয়েছে। তবে বর্তমানে পাঁচ কোটি টাকার দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলছে। দরপত্রের প্রক্রিয়া শেষ হলে উপজেলার চারটি সড়ক নির্মাণ এবং চারটি পুরোনো সড়ক সংস্কার করা সম্ভব হবে।’