আনোয়ারায় এবার বোরোর লক্ষ্যমাত্রা বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারায় বোরো আবাদ শুরু করেছেন চাষিরা। উপজেলার ১১ ইউনিয়নের চাষিরা চারা রোপণ ও মাঠ তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। উপজেলায় এবার বোরোর লক্ষ্যমাত্রা বাড়িয়েছে কৃষি কার্যালয়।

উপজেলা কৃষি কর্মকর্তা একরাম উদ্দিন বলেন, ‘গত বছর উপজেলার ৫ হাজার ৬৪০ হেক্টর জমিতে বোরোর লক্ষ্যমাত্রা ধরা হলেও এবার তা বাড়িয়ে ৫ হাজার ৯১০ হেক্টর করা হয়েছে। ধানের ফলন যাতে ভালো হয় আমরা সেদিকে নজর রাখব।’

 কৃষি কার্যালয় সূত্র জানায়, এ বছর জানুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে উপজেলার বিভিন্ন গ্রামে বোরো আবাদ শুরু হয়েছে। তবে পানির সংস্থান করতে পারায় তারও আগে চাষাবাদ করেছেন কেউ কেউ। বর্তমানে উপজেলার বারখাইন, বরুমচড়া, হাইলধর, বটতলী ও পরৈকোড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে পুরোদমে বোরোর আবাদ শুরু হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার ধানপুরা এলাকায় গিয়ে দেখা যায়, চাষিরা খালে সেচযন্ত্র বসিয়ে জমিতে পানি দিচ্ছেন। অনেকে ট্রাক্টর দিয়ে জমি তৈরি করছেন। এদিকে শোলকাটায় চাষিরা ধানের জমি তৈরির পাশাপাশি চারা রোপণ করছেন।

কৃষি কার্যালয় সূত্র জানায়, উপজেলার ৮ হাজার ৮০০ হেক্টর আবাদযোগ্য জমি থাকলেও এ বছর ৫ হাজার ৯১০ হেক্টর জমিতে বোরোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এতে উফশী ও হাইব্রিড জাতের ধানের চাষ করা হচ্ছে। ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ২৩ হাজার ৩৬৪ মেট্রিক টন।

ঝিওরী এলাকার চাষি খোকন শীল (৩৪) বলেন, প্রতি কানি (৪০ শতকে ১ কানি) জমির বোরো আবাদে পানি, শ্রমিক ও সার বাবদ ৬ হাজার টাকা খরচ হচ্ছে। আবহাওয়া ভালো থাকলে খরচ উঠিয়ে প্রতি কানিতে ১০ হাজার টাকার মতো লাভ হবে।

 উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা স্বপন কুমার দেবনাথ বলেন, উপজেলার ১১টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে চাষাবাদ শুরু হয়েছে। আশা করি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে প্রায় সব গ্রামের বোরো আবাদ শেষ হবে।