আনোয়ারায় কদর বেড়েছে মহিষের
আনোয়ারার সরকারহাটের পশুর বাজারে বেড়েছে মহিষের কদর। একই ওজনের মহিষের দাম গরুর চেয়ে অন্তত ১০ হাজার টাকা কম। গরুর চেয়ে দাম কম থাকায় অনেক ক্রেতাই এবার মহিষের দিকে ঝুঁকছেন।
গত সোমবার বাজার ঘুরে দেখা গেছে, গরু ও ছাগলের পাশাপাশি বাজারে উঠেছে প্রচুর পরিমাণে মহিষ। বেচাকেনাও হচ্ছে ভালো। কেনাবেচা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
জানতে চাইলে বাজার পরিচালনা কমিটির সদস্য আজিজুল হক প্রথম আলোকে বলেন, হাটে পশু কেনাবেচা শুরু হয়েছে। এখন প্রতিদিনই পশু কিনতে পারবেন ক্রেতারা। বাজারের ইজারাদার মো. জাকের আহমদ বলেন, আমরা ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য প্রশাসনের কাছে আবেদন করেছি, যাতে সবাই ভালোভাবে কেনাবেচা করতে পারেন।
গরু ব্যবসায়ীরা জানান, সরকারহাটে সাতক্ষীরা, সিরাজগঞ্জ, বগুড়া ও কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন জেলার পাইকারি ব্যবসায়ীরা পশু নিয়ে আসেন। তঁাদের কাছ থেকে চট্টগ্রামের আনোয়ারা, পটিয়া, বাঁশখালী ও সাতকানিয়ার ব্যবসায়ীরা পশু কিনে বাজারে বিক্রি করেন।
ব্যবসায়ীরা জানান, চার থেকে পাঁচ মণ ওজনের গরু বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ হাজার টাকা। এই ওজনের মহিষের দাম রাখা হচ্ছে ৫০ হাজার টাকা। এ কারণে ক্রেতারা গরুর পাশাপাশি মহিষও পছন্দ করছেন। এ ছাড়া হাটে পশু চিকিৎসকেরা সক্রিয় থাকায় ক্রেতারাও আস্থা নিয়ে পশু কিনছেন। উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় জানায়, কোরবানির পশুর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করার জন্য চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় থেকে ৫৯ জন শিক্ষানবিশ চিকিৎসককে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের অধীনে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা দলে দলে ভাগ হয়ে বাজারের পশু পরীক্ষা-নিরীক্ষা করছেন। উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন রুমন তালুকদার প্রথম আলোকে বলেন, ‘বাজারে স্টেরয়েড প্রয়োগকৃত কোনো পশু রাখা যাবে না, এ জন্য আমরা মনিটরিং কার্যক্রম চালাব।’