আনোয়ারায় কমে যাচ্ছে খেজুরগাছ রসও মিলছে না আগের মতো
‘আগে দু-একটি গাছের রসে ১০ লিটার মাপের কলস ভরে যেত, এখন আট-নয়টি গাছ থেকে রস নিয়েও কলস ভরাতে পারি না।’ আক্ষেপ করে কথাগুলো বলছিলেন আনোয়ারার বরুমছড়া এলাকার গাছি ও রস বিক্রেতা মকছুদ আহমদ (৩৯)। এমন আক্ষেপ উপজেলার হাইলধর ও বরুমছড়ার বেশির ভাগ মানুষের। এ অঞ্চল একসময় বিখ্যাত ছিল খেজুরের রসের জন্য। বর্তমানে খেজুরগাছ কমে যাওয়ার পাশাপাশি গাছে আগের মতো রসও পড়ে না।উপজেলার বরুমছড়া ইউনিয়নের ভরাচর, কানুমাঝিরহাট ও ভরাশঙ্খ এলাকার গাছি ও রস বিক্রেতারা জানান, ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ের পরে মাটির উর্বরতা কমে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে অনেক গাছ মরে গেছে, রসও কমে গেছে।ভরাচরের গাছি মোহাম্মদ আলী বলেন, ‘পাঁচ বছর আগেও যে রস পাওয়া যেত, এখন তা পাচ্ছি না। ব্যবসা আগের মতো নেই।’রস বিক্রেতা আবদুল হাকিম জানান, আগে এখানে সকালে রস নেওয়ার জন্য ক্রেতারা ভিড় জমাতেন। এখন রস কমে যাওয়ায় ক্রেতারাও তেমন আসেন না।গ্রামের বাসিন্দা ইদ্রিছ আরমান খেজুরের রসের স্বাদ ভুলে যাচ্ছেন বলে জানালেন। আনোয়ারা উপজেলা কৃষি কর্মকর্তা আখতারুজ্জমান বলেন, আনোয়ারায় আগের তুলনায় এখন খেজুরগাছ অনেক কমে গেছে। তাই মানুষও রসের স্বাদ পাচ্ছেন না।