আনোয়ারায় গণসংযোগ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে আনোয়ারা উপজেলার ১১ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা গণসংযোগ শুরু করেছেন। ভোটের উত্তেজনা ছড়িয়ে পড়েছে সাধারণ ভোটারদের মধ্যেও।জানা গেছে, দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ১১টি ইউনিয়নের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০০৩ সালের ৫ ফেব্রুয়ারি। তাই গত সপ্তাহে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করায় নির্বাচনী হাওয়া জোরেশোরে বইতে শুরু করেছে আনোয়ারায়। জানা গেছে, ১ নম্বর বৈরাগ ইউনিয়নে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হোসেন প্রার্থী হচ্ছেন। তা ছাড়া, আওয়ামী লীগের নওয়াব আলী চৌধুরী, শ্রমিক দলের আবদুল লতিফ ফারুকী, নবী হোসেনও নির্বাচন করবেন বলে নিশ্চিত করেছেন। লতিফ ফারুকী জানান, ‘আমি নির্বাচনে প্রার্থী হচ্ছি। আশা করি জনগণ আমাকে নির্বাচিত করবেন।’২ নম্বর বারশত ইউনিয়নে বর্তমান ইউপি চেয়ারম্যান হাসান চৌধুরী প্রার্থী হচ্ছেন। উপজেলার এ ইউনিয়নে সবচেয়ে বেশি প্রার্থীর নাম শোনা যাচ্ছে। এঁদের মধ্যে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ কাইয়ুম শাহ, ইসলামী ফ্রন্টের ডি আই এম জাহাঙ্গীর আলম, বিএনপির ইলিয়াছ কাঞ্চন, আবুল কাশেম, জামাল উদ্দিন ও নাসির উদ্দিনের নাম শোনা যাচ্ছে। এদিকে, ৩ নম্বর রায়পুর ইউনিয়নে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের সমর্থক আবু ছৈয়দ চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল জলিল, জামায়াতের ছাবের আহমদ, সাবেক চেয়ারম্যান ও বিএনপির সমর্থক নূর নবী ও আবদুল্লাহ চৌধুরী। ৪ নম্বর বটতলী ইউনিয়নে প্রার্থী হচ্ছেন বর্তমান চেয়ারম্যান ও বিএনপির সমর্থক আবুল কালাম, সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা অধ্যাপক এম এ মান্নান চৌধুরী ও আবদু সবুর। ৫ নম্বর বরুমচড়া ইউনিয়নে প্রার্থী হতে পারেন, বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির (একাংশের) সাধারণ সম্পাদক হুমায়ূন কবির চৌধুরী, আওয়ামী লীগের নেতা তৌহিদুল হক চৌধুরী, আবুল বশর, আজিজুল হক, শামসুল ইসলাম চৌধুরী ও খোরশেদুল আলম। ৬ নম্বর বারখাইন ইউনিয়নে বর্তমান ইউপি চেয়ারম্যান এ কে এম শাহজাহান চৌধুরী, নজরুল আনসারী, আওয়ামী লীগের আলমগীর চৌধুরী, হাসনাইন জলিল চৌধুরী, নিয়াজ মনসুরি, সাবেক চেয়ারম্যান আবদুল গফফার চৌধুরী ও জাতীয় পার্টির দেলোয়ার হোসেন প্রার্থী হচ্ছেন বলে জানা গেছে।৭ নম্বর আনোয়ারা (সদর) ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীরা হলেন—ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুশীল ধর, মো. সৈয়দ কনট্রাকটর, স্বপন ধর, মৃণাল ধর, অসীম দেব ও মৃন্ময় দত্ত। এ ইউনিয়ন থেকে গত নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন শহীদুল ইসলাম। তিনি বর্তমানে বিএনপির নেতা জামাল উদ্দিন অপহরণ ও হত্যা মামলায় অভিযুক্ত হয়ে জেলে বন্দী।৮ নম্বর চাতরি ইউনিয়নে বর্তমান ইউপি চেয়ারম্যান এয়াকুব আলী চৌধুরীর প্রতিদ্বন্দ্বী হচ্ছেন সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সামশুদ্দীন আহামদ চৌধুরী। তা ছাড়া মুজিবুল ইসলাম, সাইফুল ইসলাম, ইয়াছিন হিরুও নির্বাচনে প্রার্থী হচ্ছেন বলে জানা গেছে। ৯ নম্বর ইউনিয়নে প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান আকতার জামাল চৌধুরীর পাশাপাশি মামুনুর রশীদ চৌধুরী ও যুবলীগের কেন্দ্রীয় নেতা ছাবের আহমদের নাম শোনা যাচ্ছে। ১০ নম্বর হাইলধর ইউনিয়নে প্রার্থী হচ্ছেন বিএনপির (একাংশের) সভাপতি শাহজাহান চৌধুরী, আবদুল মালেক, দিদারুল ইসলাম, ফরিদুল আলম চৌধুরী, সাবেক ছাত্রনেতা কলিম উদ্দিন ও মাহমুদুল আমিন। ১১ নম্বর জুঁইদণ্ডী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জামায়াতের মোজাম্মেল হক হোসাইনি এবার নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন। এ ইউনিয়নে মোরশেদুর রহমান চৌধুরী, বিএনপির জসিম উদ্দিন ও সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম প্রার্থী হয়েছেন।