আনোয়ারায় গৃহবধূকে হত্যার পর পুড়িয়ে ফেলার অভিযোগ
চট্টগ্রামের আনোয়ারায় সুপর্ণা শীল (২০) নামের এক গৃহবধূকে যৌতুকের জন্য হত্যা করে পুড়িয়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সুপর্ণা শীলের মা রমা শীল বাদী হয়ে ৬ জানুয়ারি স্বামী, শাশুড়ি, দেবরসহ চারজনের বিরুদ্ধে আনোয়ারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ৪ জানুয়ারি রাতে আনোয়ারা উপজেলার বোয়ালিয়া গ্রামের সুনীল ডাক্তারের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সুপর্ণা পটিয়া উপজেলার বরলিয়া ইউনিয়নের পোপন শীলের বড় মেয়ে। ঘটনার পর পরই স্বামী কৃষ্ণ শীলসহ তাঁদের পরিবারের লোকজন গা ঢাকা দিয়েছেন।মামলার অভিযোগ ও পারিবারিক সূত্রে জানা গেছে, আট মাস আগে আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মৃত সাধন শীলের পুত্র কৃষ্ণপদ শীলের (২৮) সঙ্গে পটিয়ার বড়লিয়া ইউনিয়নের প্রবাসী পোপন শীলের কন্যা সুপর্ণার বিয়ে হয়। কিন্তু এক মাস আগে মেয়ের স্বামী কৃষ্ণপদ শীল বিদেশ যাওয়ার কথা বলে এক লাখ টাকা যৌতুক দাবি করেন।৩ জানুয়ারি স্বামী কৃষ্ণপদ শীল তাঁর স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে এলে সুপর্ণার মা মেয়ের জামাইকে পরিবারের আর্থিক অবস্থা ভালো নয় বলে বুঝিয়ে পাঁচ হাজার টাকা দেন। ওই দিনই মেয়ে তার শ্বশুরবাড়ি চলে যান।পরদিন বিকেলে মা খবর পান মেয়ে অসুস্থ। আর মা এসে দেখেন মৃত মেয়েকে। সুপর্ণার খালাতো ভাই রবিন শীল প্রথম আলোকে বলেন, ‘কৃঞ্চ শীলের আত্মীয়স্বজন ও স্থানীয় ইউপি সদস্য আবু তাহেরসহ তাঁরা সালিসি মীমাংসা করার কথা বলে জোরপূর্বক স্বাক্ষর নিয়েছে।’এ ব্যাপারে ইউপি সদস্য আবু তাহের বলেন, ‘আমি শুনেছি মেয়েটি স্ট্রোক করে মারা গেছে। চিকিৎসকের কাছে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন ৬ জানুয়ারি একটি সালিস করে দেওয়ার কথা বলে তাঁদের কাছ থেকে স্টাম্পে স্বাক্ষর নেওয়া হয়েছে। এদিকে স্বামী কৃষ্ণপদ শীলের মোবাইলে একাধিকবার যোগাযোগ করেও তাঁকে পাওয়া যায়নি।’ আনোয়ারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুস সামাদ পিপিএম বলেন, লাশের ছবি ও প্রাথমিক তদন্তে মনে হয়েছে মেয়েটিকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। তিনি বলেন, ‘আমার মনে হয়, তাঁরা হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়ার জন্য তড়িঘড়ি করে লাশটি পুড়িয়ে ফেলেছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’