আনোয়ারায় গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য
আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের গৃহবধূ জান্নাতুল ফেরদৌসকে (১৯) শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছে বলে অভিযোগ করেছেন তাঁর বাবা আবুল কালাম।পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, ১২ অক্টোবর শুক্রবার গুরুতর অসুস্থ অবস্থায় প্রবাসী মামুনুর রশিদের স্ত্রী জান্নাতুলকে তাঁর শ্বশুরবাড়ির আত্মীয়রা হাসপাতালে নিয়ে এলে সেখানে কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়। কর্তব্যরত চিকিৎসকেরা তাঁর মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে প্রাথমিকভাবে বিষক্রিয়ার কথা উল্লেখ করলেও নিশ্চিত করে কিছু বলেননি।তবে জান্নাতুলের বাবা আবুল কালাম তাঁর মেয়েকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন। তিনি জানান, তাঁর মেয়ের লাশ হাসপাতালে রেখে পালিয়ে যায় শ্বশুর পক্ষের লোকজন। শ্বশুরবাড়িতে নিয়মিত তাঁর মেয়ের ওপর নির্যাতনও হতো।এ ঘটনায় আবুল কালাম জান্নাতুলের শ্বশুর, শাশুড়ি ও ননদসহ ছয়জনকে আসামি করে থানায় অভিযোগ করলে পুলিশ এটিকে অপমৃত্যুর মামলা হিসেবে নেয় এবং লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।জান্নাতুলের পারিবারিক সূত্রে জানা গেছে, এ বছরের মার্চ মাসে কর্ণফুলী থানার আবুল কালামের মেয়ে জান্নাতুল ফেরদৌসের (১৯) বিয়ে হয় আনোয়ারা উপজেলার হাইলধর এলাকার বাদশা মিয়ার ছেলে মামুনুর রশিদের (৩২) সঙ্গে। বিয়ের এক মাস পর মামুন বিদেশ চলে যান। এরপর জান্নাতুল ফেরদৌসের সঙ্গে প্রায়ই তাঁর শ্বশুর, শাশুড়ি ও ননদের ঝগড়াবিবাদ হতো বলে জানান আবুল কালাম।আবুল কালাম বলেন, ‘ওরা (জান্নাতুলের শ্বশুরবাড়ির লোকজন) আমার মেয়েকে হত্যা করেছে, না হয় হাসপাতালে লাশ ফেলে পালিয়ে গেল কেন?’ এ ব্যাপারে মন্তব্য করার জন্য জান্নাতুলের শ্বশুর পক্ষের লোকজনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের কাউকে পাওয়া যায়নি। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন বলেন, ‘পাঁচ থেকে সাত দিনের মধ্যে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া যাবে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে না আসা পর্যন্ত আমরা কোনো পদক্ষেপ নিতে পারছি না।’একই ধরনের কথা বলেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ। তিনি প্রথম আলোকে বলেন, ‘আনোয়ারা স্বাস্থ্যকেন্দ্রের মৃত্যুসনদে বিষপানে জান্নাতুলের মৃত্যুর কথা উল্লেখ করায় আমরা এটি অপমৃত্যুর মামলা হিসেবে নিয়েছি। এখন ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী করণীয় ঠিক করব।’আনোয়ারা স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা গোলাম মো. জামালকে জান্নাতুলের মৃত্যু প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘১২ অক্টোবর হাসপাতালে আনার কয়েক মিনিটের মধ্যে গুরুতর অসুস্থ জান্নাতুলের মৃত্যু হয়। তাঁর গায়ে কোনো আঘাতের চিহ্ন ছিল না। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি বিষক্রিয়ায় তাঁর মৃত্যু হয়েছে। তবে তাঁর মৃত্যু কীভাবে হয়েছে এটা নিশ্চিত হয়ে বলা যাবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে।’