আনোয়ারায় জমজমাট বিজ্ঞান মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘খুদে বিজ্ঞানীদের প্রতিভা দেখে মনে হচ্ছে তারা তথ্যপ্রযুক্তি দিয়ে আগামীর বাংলাদেশকে নিয়ে যাবে সফলতার শীর্ষে।’ আনোয়ারা বালিকা উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় অতিথিরা এমন মন্তব্য করেন। গত ৩০ ও ৩১ জানুয়ারি এ মেলার আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। আর এতে সহযোগিতা করে বেসরকারি সংস্থা ব্র্যাক। বিজ্ঞান মেলায় অংশ নেয় উপজেলার ঝি-বা-শি উচ্চবিদ্যালয়, পরৈকোড়া নয়নতারা উচ্চবিদ্যালয় ও পীরখাইন মাওলানা আশরাফ চৌধুরী উচ্চবিদ্যালয়ের ১৩০ জন শিক্ষার্থী। মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোহাম্মদ ভূঁইয়া। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ফিরোজা জামান চৌধুরী। মেলা উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক বাদলচন্দ্র দাস। বক্তব্য দেন ব্র্যাক ঢাকা কার্যালয়ের জ্যেষ্ঠ ব্যবস্থাপক কায়সার আলী খান, শিক্ষক প্রশিক্ষণ কলেজের শিক্ষক শামসুদ্দীন শিশির, নুরুল হক চৌধুরী, প্রসেনজিত্ বিশ্বাস, মো. শরিফুল ইসলাম প্রমুখ।মেলায় ৬৫টি স্টলের মধ্যে জীববিজ্ঞান সম্পর্কিত বিষয়ের ৩০টি, রসায়নবিজ্ঞান সম্পর্কিত বিষয়ের ২১টি ও পদার্থ বিজ্ঞান বিষয়ের ১৪টি স্টল ছিল। রক্তের গ্রুপ ও রক্তচাপ নির্ণয়, গ্রিনহাউস প্রতিক্রিয়া, স্বল্পমূল্যে পেরিস্কোপ তৈরি, লেবুর রস থেকে বিদ্যুত্ তৈরি, সাবান, মোমবাতি, কমলার খোসা থেকে সুগন্ধি তৈরির মতো আকর্ষণীয় বিষয় নিয়ে স্টলে বসে শিক্ষার্থীরা।আনোয়ারা বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী মুনতাহা জানায়, ‘আমাদের স্টলে আমরা গ্রিনহাউস প্রতিক্রিয়া দেখিয়েছি। এটা দেখে শিক্ষার্থীদের অনেক কিছু শেখার সুযোগ হয়েছে।’ ব্র্যাকের কায়সার আলী খান বলেন, ‘বিজ্ঞানমনস্কতা তৈরির লক্ষ্যে ব্র্যাক শিক্ষা কর্মসূচি এ আয়োজন করেছে।’