আনোয়ারায় নববর্ষের অনুষ্ঠানে মানুষের ঢল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণে প্রথমবারের মতো সম্মিলিতভাবে উৎসবের আনন্দে পয়লা বৈশাখ উদ্যাপিত হয়েছে। হাতি, ঘোড়ার গাড়ি, সাম্পান, লাঙল-জোয়াল, কাস্তের বাহারি সাজের এক জমজমাট মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসব শুরু হয়। বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ আখতারুজ্জামান চৌধুরী ঘোড়ার গাড়িতে চড়ে এ শোভাযাত্রার উদ্বোধন করেন। আনোয়ারা আদর্শ উচ্চবিদ্যালয় থেকে জয়কালী বাজার পর্যন্ত এক কিলোমিটার দীর্ঘ শোভাযাত্রাটি নজর কেড়েছে সবার। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু শাহেদ চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান এম এ হান্নান চৌধুরী, আওয়ামী লীগের সভাপতি বাহাউদ্দিন খালেক শাহজী, সম্পাদক কাজী মোজাম্মেল হক প্রমুখ। উপজেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রার পরপরই ছিল আলোচনা সভা আর ইলিশ ও শুকনো মরিচ দিয়ে পান্তা উৎসব। সাংস্কৃতিক অনুষ্ঠানে আনোয়ারার প্রায় প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা সংগীত পরিবেশন করে। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে ছিল কবিতা পাঠ। সাংস্কৃতিক পর্ব পরিচালনা করেন উৎপল সেন ও মো. ওসমান গণী। মেলা দেখতে আসা ষাটোর্ধ্ব নজির আহমদ জানান, এ রকম উৎসব আনোয়ারায় এই প্রথম, অনুষ্ঠানে মানুষের ঢল নেমেছে। খুব ভালো লাগছে। আনোয়ারা বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী মুনতাহা সাবিলা জানায়, ‘মেলার জন্য দেড় হাজার টাকা খরচ করে বৈশাখী শাড়ি ও চুড়ি কিনেছি, খুব ভালো লাগছে।’আনোয়ারা সাহিত্য পরিষদের (আসাপ) সভাপতি এ এইচ এম ফজল আহমদ জানান, আনোয়ারায় আগে সরকারি উদ্যোগে এমন আয়োজন হয়নি। তার জন্য অবশ্যই কর্তৃপক্ষকে সাধুবাদ জানাই।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু শাহেদ চৌধুরী প্রথম আলোকে জানান, ‘পয়লা বৈশাখ আমাদের ঐতিহ্যের স্মারক, তাই প্রশাসন থেকে দিনটি উদ্যাপনের ব্যবস্থা করেছি।’