আনোয়ারায় পরীক্ষামূলক ভুট্টা চাষে সাফল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনোয়ারা উপজেলার পশ্চিম বরুমচড়া গ্রামে খেত থেকে ভুট্টা তুলছেন চাষি মোহাম্মদ ইদ্রিস।  ছবিটি ৯ মে তোলা l প্রথম আলো
আনোয়ারা উপজেলার পশ্চিম বরুমচড়া গ্রামে খেত থেকে ভুট্টা তুলছেন চাষি মোহাম্মদ ইদ্রিস। ছবিটি ৯ মে তোলা l প্রথম আলো

আনোয়ারা উপজেলায় পরীক্ষামূলকভাবে ভুট্টা চাষে সাফল্য পেয়েছেন কৃষকেরা। উপজেলায় এবার কৃষি বিভাগের উদ্যোগে চারটি প্রদর্শনী প্লটে ভুট্টা চাষ হয়েছে। এর পাশাপাশি উপজেলার বিভিন্ন এলাকার কৃষকেরা ভুট্টা চাষ করেছেন। সব মিলিয়ে ১২ একর জমিতে ভুট্টা চাষ হয়েছে। প্রথমবার ভুট্টা চাষ করে ভালো ফলন পাওয়ায় খুশি কৃষকেরা। তবে নতুন ফসল হওয়ায় স্থানীয় বাজারে এখনো এর চাহিদা তৈরি হয়নি।

আনোয়ারা উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, উপজেলায় কৃষি বিভাগ চার একর জমিতে ভুট্টার প্রদর্শনী প্লট করেছে। এ ছাড়া বিভিন্ন এলাকায় আরও আট একর জমিতে ভুট্টা চাষ হয়েছে। প্রথমবারেই বাম্পার ফলন হওয়ায় উপজেলায় ভুট্টা চাষের ভালো সম্ভাবনা দেখছেন কৃষি কর্মকর্তারা। তবে উৎপাদিত ফসলের দাম ওঠেনি আশানুরূপ। একেকটি ভুট্টার মোচা আট থেকে দশ টাকা দামের হলেও স্থানীয়ভাবে চাষিরা পাঁচ টাকায় বিক্রি করছেন।

উপজেলার পশ্চিম বরুমচড়ার চাষি মোহাম্মদ ইদ্রিস (৩৮) এই প্রথম ৫০ শতক জমিতে ভুট্টার চাষ করেছেন। ফলন ভালো হওয়ায় খুশি তিনি। তবে দাম নিয়ে সন্তুষ্ট নন। ৯ মে উপজেলার বরুমচড়া ইউনিয়নের পশ্চিম বরুমচড়া গ্রামে গিয়ে দেখা যায়, খেত থেকে ভুট্টা তুলছেন মো. ইদ্রিস। তাঁর একেকটি গাছে দুই থেকে তিনটি করে ভুট্টার মোচা হয়েছে। একেকটি মোচার ওজন দুই থেকে আড়াই শ গ্রাম।

মোহাম্মদ ইদ্রিস প্রথম আলোকে বলেন, ‘আমি ৫০ শতক জমিতে ভুট্টা লাগিয়েছি। এতে আমার প্রায় ১৪ হাজার টাকা খরচ হয়েছে। ফসলের দাম কম হলেও বিক্রি থেকে খরচ উঠে এসেছে। খেতের বাকি ফসল বিক্রি করলে খরচের দ্বিগুণ লাভ হবে।’

তিনি আরও জানান, এলাকায় ভুট্টা চাষ আগে কখনো হয়নি বলে মানুষের খাদ্যাভ্যাস গড়ে ওঠেনি। তাই উৎপাদিত ফসল বিক্রিতে সমস্যায় পড়তে হচ্ছে। স্থানীয় আরেক চাষি জেবল হোসেন বলেন, ‘ভুট্টা চাষে খরচ ও কষ্ট কম, লাভ বেশি। তাই আগামী বছর আমিও ভুট্টা চাষ করব।’

এ ব্যাপারে বরুমচড়া ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা অজয় চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ‘প্রথমবার ভুট্টা চাষ করে লাভের মুখ দেখেছেন চাষিরা। তাঁদের আমরা নানাভাবে সহায়তা করেছি। আমরা চাষিদের বিভিন্ন প্রশিক্ষণ ও প্রণোদনাও দিচ্ছি।’

উপজেলা কৃষি কর্মকর্তা মো. একরাম উদ্দিন বলেন, ‘আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকায় এবার ১২ একর জায়গায় ভুট্টা চাষ হয়েছে। কম খরচে ভালো লাভ হওয়ায় আমরা চাষিদের ভুট্টা চাষে উদ্বুদ্ধ করছি। ভুট্টা গবাদিপশুর খাবার, ময়দা ও খই হিসেবে ব্যবহৃত হয়।’