আনোয়ারায় পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারায় বিভিন্ন স্থানে সরকারি পাহাড়ের পাদদেশ ও চূড়ায় ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে প্রায় এক হাজারের বেশি পরিবার। চলতি বর্ষা মৌসুমে সেখানে পাহাড়ধসের আশঙ্কা করছেন জনপ্রতিনিধি ও বাসিন্দারা। উপজেলার বৈরাগের বদলপুরা, বটতলী ও ঝিওরি এলাকার পাহাড়ে এসব পরিবারের বসবাস।
জানা যায়, ২০০৬ কোরিয়া রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (কেইপিজেড) জন্য জমি অধিগ্রহণের পর থেকে আনোয়ারায় পাহাড়ের পাদদেশে বসতঘর বাড়তে থাকে। গত এক বছরে তা এক হাজার ছাড়িয়ে গেছে। দিনের পর দিন পাহাড় কেটে ঘরবাড়ি তৈরি হলেও প্রশাসন কোনো অভিযান চালায়নি।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার বৈরাগ ইউনিয়নের মেরিন একাডেমি ও কেইপিজেডের মাঝখানে বদলপুরা গ্রামে পাহাড়ে বসতি বেশি। প্রায় ৪০০ হতদরিদ্র পরিবার এখানে বসবাস করছে। কেইপিজেড কর্তৃপক্ষ বসতবাড়ি অধিগ্রহণ করার পর তারা সেখানে আশ্রয় নিয়েছে বলে জানা গেছে। এদিকে বটতলী ও হাজীগাঁও এলাকার পাহাড়েও অন্তত ৬০০ পরিবার ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে।
বদলপুরা এলাকার পাহাড়ের চূড়ায় বসবাসকারী বালি আকতার (৪৭) বলেন, ‘ভিটেবাড়ি বলতে কিছুই নেই। তাই প্রাণ হতে নিয়ে হলেও এখানে বসবাস করছি।’ তিনি জানান, প্রায়ই এখানে ছোটখাটো দুর্ঘটনা ঘটে। একই এলাকার আমেনা খাতুন (৪২) বলেন, ‘কী করব? পরিবার নিয়ে কোথায় যাব? কপালে যা আছে, তা-ই ঘটবে।’ বৈরাগ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নোয়াব আলী বলেন, জীবনের ঝুঁকি নিয়ে বদলপুরার পাহাড়ে বসবাস করছে চার শতাধিক পরিবার। তারা সবাই ছিন্নমূল পরিবার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ ফরিদ আহমদ বলেন, পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাসকারীদের বটতলী বা পটিয়ার আশ্রয়ণ প্রকল্পে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। তবে অনেক ক্ষেত্রে পাহাড়ে বসবাসকারীরা সরতেও চায় না।