আনোয়ারায় প্যারাবন উজাড় জানে না বন বিভাগ

আনোয়ারায় শঙ্খ নদের মোহনায় প্যারাবনের গাছ চুরি হলেও এ বিষয়ে বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানেন না বলে দাবি করেন। উপকূলীয় বন বিভাগের আওতাধীন এই প্যারাবনে বাইন, কেওড়া ও ঝাউগাছ লাগানো হয়েছিল ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ের পর। নির্বিচারে গাছ কাটার কারণে উপকূলীয় এলাকার সবুজ বেষ্টনী ধ্বংস হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ গহিরা ও ধলঘাট এলাকার আড়াই শ একর এলাকায় শঙ্খ নদের মোহনায় এই প্যারাবন সৃজন করা হয়েছিল। বনটি উপকূলীয় বন বিভাগের আওতাভুক্ত প্রেমাশিয়া বিটের অধীনে রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দক্ষিণ গহিরা ও ধলঘাট এলাকার এই প্যারাবনে ১০ হাজারেরও বেশি গাছ ছিল। কিন্তু ঘন ঘন গাছ চুরি হয়ে যাওয়ায় বর্তমানে বনটি ন্যাড়া হয়ে পড়েছে। তবে ওই বনের পাশে জেগে ওঠা চরে কয়েক মাস আগে বন্দর বনবিট কর্তৃপক্ষ নতুন করে কিছু ঝাউগাছের চারা লাগিয়েছে।
সরেজমিনে দেখা যায়, ধলঘাট ও দক্ষিণ গহিরা এলাকায় শঙ্খের তীরে সামান্য কিছু গাছ অবশিষ্ট আছে। আবার বেশ কিছু গাছ মরেও যাচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, রাতের অন্ধকারে নৌকায় করে গাছ চোরেরা গাছ কেটে নিয়ে যায়। বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তাও এর সঙ্গে জড়িত।
এ ব্যাপারে জানতে চাইলে বন বিভাগের বন্দরবিটের বনরক্ষী আবুল কালাম বলেন, ‘শুনেছি কিছু গাছ মরে যাওয়ায় কর্তৃপক্ষ সেগুলো নিলামে ওঠায়। তবে রাতের অন্ধকারেও অনেক গাছ চুরি হচ্ছে।’
বন বিভাগের গাছ চুরির ব্যাপারে জানতে চাইলে প্রেমাশিয়ার বিট কর্মকর্তা জামাল উদ্দিন এ ব্যাপারে কিছুই জানেন না বলে জানান। তিনি বলেন, বন্দর বনবিট কর্তৃপক্ষ এখানে গাছের চারা লাগিয়েছে। এ ব্যাপারে তারাই ভালো বলতে পারবে।
প্রশ্ন করা হলে বন্দর বিট কর্মকর্তা মোজাফ্ফর আহমদ চৌধুরী জানান, এটা বাঁশখালী রেঞ্জের আওতাধীন বন। এ ব্যাপারে তাঁর কাছে কোনো তথ্য নেই।
বাঁশখালী রেঞ্জের কর্মকর্তা আবদুল মোতালেবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও কিছু জানেন না বলে জানান। তিনি এ ব্যাপারে বিভাগীয় বন কর্মকর্তার সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।
যোগাযোগ করা হলে চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) সুনীল কুমার কুণ্ডু গাছ কাটার বিষয়টি তদন্ত করবেন বলে জানান। এ ছাড়া দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে মামলা করারও উদ্যোগ নেবেন। তিনি বলেন, প্যারাবনের গাছ মূল্যবান না হলেও তা সবুজ বেষ্টনী হিসেবে কাজ করে। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে উপকূলকে রক্ষা করে। তিনি আরও বলেন, ‘প্রেমাশিয়ার এই বন নিয়ে কিছু সমস্যা আছে। লোকবল সংকটের কারণে বন পাহারা দেওয়া যাচ্ছে না। বিট কার্যালয়ে মাত্র দুজন লোক কর্মরত আছে।’