আনোয়ারায় বদলে যাবে যোগাযোগব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারা উপজেলায় ১১ ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্মিত হচ্ছে ৩০টি পাকা সেতু। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে এসব সেতুর নির্মাণকাজ শেষ হলে অভ্যন্তরীণ চলাচল ও যোগাযোগব্যবস্থা আরও সহজ হবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এসব সেতু নির্মাণে ব্যয় হচ্ছে ৬ কোটি ৬৫ লাখ ৬৮ হাজার ৫ টাকা। এর মধ্যে গত অর্থবছরে উপজেলার ১১ ইউনিয়নে ১৬টি সেতুর কাজ শুরু হয়েছিল, যেগুলোর কাজ এখন শেষের পথে। এ ছাড়া চলতি অর্থবছরে আরও ১৪টি সেতুর কাজ শুরু হয়েছে।
এসবের মধ্যে উপজেলার হাইলধর ইউনিয়নে তিনটি, বরুমচড়া ইউনিয়নে চারটি, বারখাইন ইউনিয়নে চারটি, বৈরাগ ইউনিয়নে চারটি, চাতরী ইউনিয়নে দুটি, বটতলী ইউনিয়নে একটি, পরৈকোড়া ইউনিয়নে সাতটি ও রায়পুর ইউনিয়নে তিনটি সেতুর নির্মাণ চলছে।
গত বৃহস্পতিবার সকালে উপজেলার বরুমচড়া ছমদিয়া এলাকায় গিয়ে দেখা যায়, লেমুরখালী খালের ওপর একটি আরসিসি সেতুর কাজ করছেন শ্রমিকেরা। সেতু নির্মাণ স্থানের উভয় পাশে বাঁধ দিয়ে খালের পানি আটকানোর পাশাপাশি বিকল্প সড়কে চলাচলের ব্যবস্থা করা হয়েছে। শ্রমিকেরা সেতুর তলা পাকা করার কাজ করছিলেন।
বারশত ইউপির চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ বলেন, ‘নির্মাণাধীন সেতুর কাজ পুরোপুরি শেষ হলে আমরা উপকার পাব। এলাকার যোগাযোগব্যবস্থাও আরও সহজ হবে।’
জানতে চাইলে আনোয়ারা উপজেলা ভারপ্রাপ্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুল হোসেন প্রথম আলোকে বলেন, গত অর্থবছরের ১৬টি সেতুর সম্পূর্ণ নির্মাণকাজ প্রায় শেষের পথে। চলতি অর্থবছরে শুরু হয়েছে ১৪টি সেতুর নির্মাণকাজ। আর এসব কাজ বাস্তবায়ন সম্পন্ন হলে এলাকার চলাচলে ব্যাপক পরিবর্তন আসবে। তিনি আরও বলেন, সেতু নির্মাণে কোনো অনিয়ম গ্রহণযোগ্য হবে না।
জানতে চাইলে আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, দুই বছরে উপজেলার খুবই গুরুত্বপূর্ণ ৩০টি সেতুর কাজ চলছে। এসব সেতুর সুফল ভোগ করবে স্থানীয় লোকজন।