আনোয়ারায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয়ের খুদে বিজ্ঞানীদের নানা সৃজনশীল পরিবেশনা আর উদ্ভাবনী কর্মকাণ্ডের মধ্য দিয়ে শেষ হয়েছে আনোয়ারায় দুই দিনের বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি মেলা। ৬ ও ৭ এপ্রিল আনোয়ারা আদর্শ উচ্চবিদ্যালয়ের মাঠে এ মেলা বসেছিল।মেলার স্টলে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নানা পরিবেশনা সবাইকে মুগ্ধ করে। ল্যাপটপ, কম্পিউটার, মডেম দিয়ে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রমাণ করেছে, তথ্যপ্রযুক্তির এ যুগে তারাও পিছিয়ে নেই। মেলা ঘুরে দেখা গেছে, আনোয়ারা আদর্শ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রদর্শন করে বায়োগ্যাস প্রযুক্তির একটি প্রকল্প। বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা দেখায় সাবান তৈরির প্রণালি। তা ছাড়া গুজরা উচ্চবিদ্যালয় অক্সিজেন তৈরির প্রণালি, ঝি-বাঁ-শি উচ্চবিদ্যালয় মানুষের রেচনতন্ত্র, ভক্তিয়াপাড়া চারপীর আউলিয়া উচ্চবিদ্যালয় স্টেভিয়া প্লান্ট, বটতলী শাহ মোহছেন আউলিয়া উচ্চবিদ্যালয় স্বল্পখরচে জ্বালানি, পরৈকোড়া নয়নতারা উচ্চবিদ্যালয় ঘরে বসে এন্টেনা তৈরি, মাহাতা উচ্চবিদ্যালয় পরিবেশবান্ধব চুলা তৈরি, হাজিগাঁও শোলকাটা এস জে নিজাম উচ্চবিদ্যালয় পুকুরে সমন্বিত মৎস্য চাষ, তৈলারদ্বীপ বারখাইন এর্শাদ আলী উচ্চবিদ্যালয় ভূমিকম্প প্রতিরোধী ঘর, আনোয়ারা বালিকা উচ্চবিদ্যালয় সৌরজগত ও অন্যান্য গ্রহের অবস্থান, সিংহরা রামকানাই উচ্চবিদ্যালয় গ্রিনহাউস, পীরখাইন মৌলভী আশরাফ আলী উচ্চবিদ্যালয় ঘরের ভেতর আগ্নেয়গিরি ও রায়পুর ইউনিয়ন উচ্চবিদ্যালয় দেখায় নষ্ট কলম দিয়ে বিভিন্ন উপকরণ তৈরি। এ ছাড়াও আনোয়ারা সদর ইউনিয়ন পরিষদের তথ্যসেবাকেন্দ্র নামে একটি স্টল ছিল।বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া খানম জানায়, ‘এ রকম মেলা প্রতিবছর হলে আমরা অনেক বেশি উপকৃত হব।’ মেলা ঘুরতে এসে আনোয়ারা বালিকা উচ্চবিদ্যালয়ের স্টলে ই-মেইল করতে বসে যায় হাসান নামের এক তরুণ।তিনি বলেন, ‘হাতের নাগালে ইন্টারনেট পেলাম, একটু ব্যবহার করে নিচ্ছি।’৬ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু শাহেদ চৌধুরীর সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ আখতারুজ্জামান চৌধুরী। দ্বিতীয় দিন প্রথম অধিবেশনে ‘পরিবেশ বিপর্যয় ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম খান। সমাপনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু শাহেদ চৌধুরী। দুই দিনই আলোচনা সভা সঞ্চালন করেন মো. ওসমান গণি।মেলায় প্রকল্প প্রদর্শনী ছাড়াও প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানে গান-নাচ পরিবেশন করে শিক্ষার্থীরা। শেষে মেলায় অংশ নেওয়া বিদ্যালয়গুলোকে সনদ ও স্মারক (ক্রেস্ট) দেন অতিথিরা।