আনোয়ারায় মাদক ব্যবসা
আনোয়ারায় দীর্ঘদিন ধরে অবাধে মাদক চোরাচালান ও জমজমাট ব্যবসা চলছে। পারকি সৈকত থেকে সাপমারা খালের মুখ পর্যন্ত ৩২ কিলোমিটার উপকূলীয় এলাকার অন্তত ১০টি স্থান দিয়ে খালাস হচ্ছে দেশি-বিদেশি মাদকদ্রব্য। কেউ কেউ এ ব্যবসায় জড়িত থেকে আইন প্রয়োগকারী সংস্থার চর (সোর্স) পরিচয় দিয়ে আইনের চোখ ফাঁকি দিচ্ছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা জানান, স্থানীয় কিছু সাধারণ তরুণ যুবক ছাড়াও কিছু প্রভাবশালী মানুষের সন্তানও মাদক ব্যবসায় জড়িত রয়েছেন। থানা সূত্রে জানা গেছে, গত জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে পুলিশ ৫৩১ লিটার দেশি চোলাই মদ এবং ৯৫৯ বোতল বিভিন্ন ধরনের বিদেশি মদ আটক করেছে। এর দাম প্রায় পৌনে নয় লাখ টাকা। এ বিষয়ে মোট মামলা হয়েছে ২১টি, গ্রেপ্তার হয়েছেন ২৩ জন। অবশ্য গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা বিভিন্ন সময় জামিনে বেরিয়ে গেছেন। থানা সূত্র জানায়, সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা থানার উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন কয়েকজন পুলিশ নিয়ে রায়পুর ও জুঁইদণ্ডী ইউনিয়নের মধ্যবর্তী সাপমারা খালের মুখে যান বিদেশি মদ উদ্ধারের জন্য। পুলিশ এ সময় বিভিন্ন স্থান থেকে পরিত্যক্ত ২৪০ বোতল বিদেশি মদ লন্ডন রাম উদ্ধার করে। উদ্ধারকাজ চলাকালে হঠাৎ অটোরিকশা ও মোটরসাইকেলযোগে র্যাবের একটি দল সেখানে উপস্থিত হয়ে পৃথক অভিযানে অংশ নেয়। এদিকে, স্থানীয়ভাবে র্যাবের চর (সোর্স) হিসেবে পরিচয়দানকারী জালাল উদ্দিন আচমকা এলাকায় মাদকের সন্ধানদাতাদের পেটানো শুরু করলে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে আটক করে। এ সময় র্যাব-পুলিশের মৃদু কথা কাটাকাটি হয়। তবে জালাল মাদক চোরাচালান চক্রের সদস্য জেনে র্যাব জালালকে পুলিশের হাতে ছেড়ে দেয়। ওইদিন র্যাব সদস্যরাও ৪৫০ বোতল বিদেশি মদ উদ্ধার করে। এলাকাবাসী জানান, জালাল মাদক ব্যবসায়ী এবং একাধিক মামলার আসামি। স্থানীয় সূত্র জানায়, গত ১৮ আগস্ট জাহাজ থেকে স্পিডবোটে করে পারকি সৈকত এলাকায় মাদকদ্রব্য খালাস হবার কথা ছিল। এটা জানাজানি হয়ে যাওয়ায় পরে তা খালাস করা হয় সাপমারা খালের মুখে। কিন্তু এলাকাবাসী এ খবর আগেই পুলিশকে জানিয়ে দিলে পুলিশ অভিযান চালায়। এতে ক্ষিপ্ত হয়ে জালাল র্যাবের নাম করে এলাকাবাসীর ওপর হামলা চালান। পরে পুলিশ জালালকে গ্রেপ্তার করে আদালতে চালান দেয়। পুলিশ জানায়, বারশত ইউনিয়নের দুদকুমড়া গ্রামের শেখ মো. শাহের ছেলে জালালের বিরুদ্ধে মাদক আইনে দুটি মামলা রয়েছে। জালালের মতো আরও অনেকে এভাবে আইনশৃঙ্খলা বাহিনীর চর পরিচয়ে মাদক চোরাচালানে জড়িয়ে পড়ছেন। যোগাযোগ করলে র্যাবের উপপরিচালক মেজর শাখাওয়াত হোসেন জানান, ‘জালালকে আমরা চিনতাম না। অন্য এক সূত্রে সেখানে মাদকদ্রব্য নামবে বলে খবর পেয়ে আমরা অভিযানে যাই এবং বিভিন্ন স্থান থেকে বেশ কিছু মদ উদ্ধার করি। একপর্যায়ে জালাল নামে এক ব্যক্তিকে পুলিশ আটক করলে জানতে পারি সে মাদকপাচার চক্রের সদস্য।’ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন আহমেদ বলেন, ‘বর্তমানে আনোয়ারায় চুরি-ডাকাতি তেমন নেই। আমরা মাদক নিয়ন্ত্রণে সর্বাত্মক কাজ করে যাচ্ছি।’