আনোয়ারায় মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন ঘিরে চলছে প্রচারণা
মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের প্রচারণা জমে উঠেছে আনোয়ারায়। আগামী ৪ জুন অনুষ্ঠিতব্য এ নির্বাচনকে ঘিরে প্রতিদ্বন্দ্বী দুটি প্যানেলের প্রার্থীরা ভোটারদের সঙ্গে গণসংযোগ করছেন।
উল্লেখ্য, ৪ জুন সারা দেশে একযোগে অনুষ্ঠিত হবে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন। ওই দিন কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, জেলা ও উপজেলা ইউনিটে নির্বাচন
অনুষ্ঠিত হবে। তারই প্রেক্ষাপটে আনোয়ারায় নির্বাচন হচ্ছে।
আনোয়ারায় মুক্তিযোদ্ধা সংসদের মোট ভোটারের সংখ্যা ১৮২। উপজেলায় ভোট হবে ১১টি পদে।
জানা গেছে, আনোয়ারা উপজেলায় নুরুল আলম-ফজল আহমদ ও আবু পরিষদ (কলস) এবং শাহ আলম-নাছিম-বজল (ঘোড়া) পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।
নুরুল আলম-ফজল আহমদ-আবু পরিষদ থেকে কমান্ডার পদে নুরুল আলম, ডেপুটি কমান্ডার পদে ফজল আহমদ, সহ-ইউনিট কমান্ডার পদে নুরুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর শাহ আলম-নাছিম-বজল পরিষদ থেকে কমান্ডার পদে শাহ আলম, ডেপুটি কমান্ডার পদে মো. নাছিম, সহ-ইউনিট কমান্ডার পদে বজল আহমদ নির্বাচন করছেন।
নুরুল ইসলাম বলেন, ‘আনোয়ারা উপজেলার মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের জন্য একটি উপযুক্ত পরিষদ দরকার। আশা করছি আমরা জয়ী হব।’
কমান্ডার প্রার্থী শাহ আলম বলেন, ‘মুক্তিযোদ্ধাদের উন্নয়নের লক্ষ্যে আমরা কাজ করব। ভোটারেরাও আমাদের ভোট দেবেন।’