আনোয়ারায় যানজটের জট খুলছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারার চাতরী চৌমুহনী বাজারসংলগ্ন প্রধান সড়কে যানজট স্থায়ী সমস্যায় রূপ নিয়েছে। যানবাহনের যত্রতত্র অবৈধ পার্কিং এবং সড়ক দখল করে হাটবাজার বসার কারণে ব্যস্ত এই সড়কে সব সময় যানজট লেগে থাকে। এতে ব্যবসা-বাণিজ্যের ক্ষতির পাশাপাশি নষ্ট হচ্ছে এলাকাবাসীর মূল্যবান সময়।জানা গেছে, পটিয়া-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) সড়ক নামে পরিচিত এই সড়ক দিয়ে বাঁশখালী, চন্দনাইশের যানবাহন ছাড়াও চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানির (কাফকো) সারবাহী গাড়ি চলাচল করে। কিন্তু এ সড়কের আনোয়ারা অংশে যানজট তীব্র আকার ধারণ করায় পণ্য-সরবরাহে বিঘ্ন ঘটছে। এ ছাড়া এ রুটে চলাচলকারী যাত্রীদের ভোগান্তি বাড়ছে।খোঁজ নিয়ে জানা গেছে, চাতরী-চৌমুহনী বাজার এলাকায় সড়ক দখল করে বাজার বসে। এ ছাড়া রাস্তার ওপর ট্রাক থেকে পণ্য খালাস করা হয়। আবার যখন-তখন বাস, জিপ এবং অটোরিকশা খেয়ালখুশিমতো পার্ক করে। এসব কারণে যানজট বাড়ছে। সড়কে পুলিশ ও কমিউনিটি পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করলেও যানজট নিয়ন্ত্রণে আসছে না।শিক্ষক রূপক শীল জানান, ‘শিকলবাহা থেকে আমাকে বিদ্যালয়ে আসা-যাওয়া করতে হয় চাতরী-চৌমুহনী দিয়ে। আর এখানে একবার যানজটে পড়লেই অনেকক্ষণ লেগে যায়। এতে সমস্যায় পড়ে যাই।’অটোরিকশাচালক রাশেদ উদ্দিন জানান, ‘যানজটে পড়ে আমাদের মূল্যবান সময় নষ্ট হয়, এতে করে আয় কমে যায়।’ যানবাহন মালিক সমিতির সভাপতি জাফর উদ্দিন চৌধুরী জানান, প্রায় প্রতিদিনই তীব্র যানজটের কবলে পড়তে হয়। এতে ব্যবসা-বাণিজ্যের ক্ষতি হচ্ছে। আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোসেন প্রথম আলোকে জানান, ‘চাতরী চৌমুহনী বাজারের যানজটের সমস্যাটি আমার নজরে এসেছে, এ সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।’