আনোয়ারায় সংরক্ষণ সপ্তাহেও চলছে জাটকা বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাটকা সংরক্ষণ সপ্তাহেও চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বিভিন্ন হাট-বাজারে চলছে জাটকা বিক্রি। মৎস্য বিভাগ নিয়মিত অভিযান চালালেও উপজেলার বিভিন্ন এলাকায় জাটকা বিক্রি হতে দেখা গেছে।

উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, ১১ থেকে ১৭ মার্চ পর্যন্ত সরকার ইলিশের জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করছে। এই সময়কালে ১০ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটার আকারের জাটকা ইলিশ ধরা ও বিক্রি করা নিষিদ্ধ। এ জন্য কারেন্ট জালসহ জাটকা ধরার জাল ব্যবহারের ওপরও বিধিনিষেধ জারি করা হয়। তবে উপজেলার অসাধু জেলে ও বিক্রেতারা এই আইন মানছেন না।

১৩ মার্চ সোমবার সরেজমিনে দেখা গেছে, উপজেলার চাতরী-চৌমুহনী বাজার, বটতলী-রুস্তমহাট, সরকারহাট, জয়কালী হাট, মালঘর বাজার, দোভাষীবাজার, জুঁইদণ্ডী চৌমুহনী ও মহালখান বাজারে জাটকা বিক্রি হচ্ছে। উপজেলার সিইউএফএল-পারকী থেকে জুঁইদণ্ডী সাপমারা খালের মাথা পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার উপকূলে জেলেরা জাটকা ধরছেন।

সোমবার রাত আটটায় উপজেলার বটতলী রুস্তমহাটে জাটকা বিক্রি করছিলেন আবদুল খালেক নামের এক বিক্রেতা। তিনি কেজি ১৮০ টাকা দরে জাটকা বিক্রি করছেন বলে জানান। কেন জাটকা বিক্রি করছেন জানতে চাইলে তিনি দ্রুত ওই স্থান ছেড়ে চলে যান।

জানতে চাইলে উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সৈয়দ হুমায়ূন মোরশেদ প্রথম আলোকে বলেন, ‘উপজেলার জয়কালীহাট, রুস্তমহাট ও আনোয়ারা উপকূলের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। তবে এখনো আমরা হাতেনাতে কাউকে ধরতে পারিনি।’