আনোয়ারায় সবজি চাষে ঝুঁকছেন চাষিরা
‘সময়মতো পানি দাও, সার দাও আরও কত ঝামেলা, তাই বোরো না করে সবজি চাষ করছি। এতে ঝামেলা কম, লাভও বেশি।’ কথাগুলো বলছিলেন আনোয়ারার চাষি আবদুল জলিল (৪৫)। শুধু জলিলই নন, অনেক চাষি এখন ধান চাষ না করে সবজির দিকে ঝুঁকছেন। আনোয়ারার বারখাইন, বরুমচড়া, হাইলধরসহ বিভিন্ন ইউনিয়নে এবার চাষিরা ব্যাপকহারে সবজি চাষ করছেন।সরেজমিনে দেখা যায়, উপজেলার পিএবি (পটিয়া-আনোয়ারা-বাঁশখালী) সড়কের কালাবিবির দীঘির মোড় থেকে তৈলারদ্বীপ সরকারহাট পর্যন্ত সড়কের দুই পাশে শুধুই সবজিখেত। এসব জমিতে মরিচ, বেগুন, টমেটোসহ বিভিন্ন সবজির চাষ হচ্ছে। অথচ দুই বছর আগেও এসব জমিতে ধান চাষ হতো।জানা গেছে, গত দুই বছর আগে কর্ণফুলীর শিকলবাহা খাল দিয়ে লোনা পানি ঢোকায় আনোয়ারার বোরো মৌসুমের অনেক আবাদি জমি চাষের অযোগ্য হয়ে পড়ে। আর তখন থেকে অনেকে বোরো চাষ বন্ধ করে পরে সেসব জমিতে সবজি চাষ করছেন। বারখাইনের চাষি অবদুল গফুর বলেন, ‘ধানের চেয়ে সবজির চাষ করে আমি লাভবান হচ্ছি। তাই এবার বোরো না করে সবজির চাষাবাদ করছি।’কৃষি কার্যালয় সূত্র জানায়, আনোয়ারায় চাষযোগ্য জমি আছে ছয় হাজার ৩৫০ হেক্টর। এতে চার হাজার ৬২০ হেক্টর জমিতে বোরো চাষ করা হচ্ছে। বাকি জমিতে সবজি চাষ হচ্ছে।উপজেলা কৃষি কর্মকর্তা মো. আখতারুজ্জমান জানান, আনোয়ারায় এ বছর লোনা পানি আসার কোনো আশঙ্কা নেই। এ বিষয়ে চাষিদের আগেভাগে জানানোও হয়েছে। কিন্তু আগের ভয়ে অনেকে ধান চাষ না করে সবজির চাষ করছেন। অবশ্য এতে লাভও ভালো।আনোয়ারা উপজেলা কৃষি কার্যালয় জানায়, গত বছর ৩২৫ হেক্টর জমিতে শীতকালীন সবজির চাষ হলেও এ বছর তা বেড়ে হয়েছে ৩৫৩ হেক্টর। এর বাইরে আরও ১০৫ হেক্টর জমিতে হয়েছে ফেলন চাষ। এ ব্যাপারে আনোয়ারা উপজেলা কৃষি কর্মকর্তা মো. আখতারুজ্জমান প্রথম আলোকে জানান, বছর বছর আনোয়ারায় সবজির চাষাবাদ বাড়ছে। বরুমচড়ার চাষি ইলিয়াছ জানান, ‘গত বছরের চেয়ে আমি এ বছর বেশি জমিতে সবজির চাষ করেছি। আশা করছি কয়েক দিনের মধ্যে ফসল তুলব।’