আনোয়ারায় সবজি চাষে লাভবান চাষি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত কয়েক বছর ধরে শিকবাহা খাল হয়ে লোনা পানি প্রবেশ করায় বোরো ধানের আবাদ কমে গেছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়। এর ফলে দুই হাজার হেক্টরেরও বেশি জমি অনাবাদি পড়ে ছিল। এ বছর এসব অনাবাদি জমিতে সবজি ফলিয়েছেন চাষিরা। সবজির ভালো দাম পাওয়ায় হাসি ফুটেছে তাঁদের মুখে।
সরেজমিনে দেখা গেছে, আনোয়ারা উপজেলার বারখাইন, বরুমচড়া, বৈরাগ, চাতরী, বারশত ও হাইলধর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ধানি জমিতে ফলানো হচ্ছে লাল শাক, মুলা, পালং শাক, মরিচ, বেগুন, আলুসহ বিভিন্ন সবজি। এসব গ্রামের চাষিরা ধান কাটার পর খেতে সবজি লাগিয়েছেন। সবজি চাষে খরচ কম, পাশাপাশি লাভও বেশি। এ কারণে তাঁরা সবজি চাষে ঝুঁকছেন বলে জানান।
কৃষি বিভাগ সূত্র জানায়, গত কয়েক বছর ধরে লোনা পানি কর্ণফুলী নদী হয়ে শিকলবাহা খালে প্রবেশ করছে। এ কারণে আনোয়ারায় দুই হাজার হেক্টরের বেশি জমিতে এ বছরও বোরো চাষ হয়নি। এসব জমি এখন অনাবাদি ফেলে না রেখে সবজি ও ফেলন ডালের চাষ করছেন চাষিরা।
গত সোমবার উপজেলার হাইলধর ইউনিয়নের দক্ষিণ ইছাখালী গ্রামে গিয়ে দেখা গেছে, চাষিরা সবজি খেতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এই গ্রামের তিন ফসলি জমি ছাড়াও পাশের শঙ্খ নদের চরেও সবজি চাষ হয়েছে। দক্ষিণ ইছাখালী গ্রামের চাষি আবদুল জলিল বলেন, ‘আমি ১৬ শতক জমিতে মরিচ ও আলু চাষ করেছি, এতে আমার ২০ হাজার টাকা খরচ হয়েছে। আশা করছি, খরচ উঠিয়ে ৫০ হাজার টাকা লাভ করতে পারব।’ বরুমচড়া গ্রামের চাষি মনজুর মিয়া বলেন, ‘আগে জমিতে বোরো হতো। কিন্তু সেখানে লোনা পানির কারণে বোরোর আবাদ না হওয়ায় এখন ডালের চাষ করি।’
আনোয়ারা উপজেলা কৃষি কর্মকর্তা একরাম উদ্দিন প্রথম আলোকে বলেন, উপজেলার বিভিন্ন গ্রামের ৩৮১ হেক্টর জমিতে প্রায় ২৫ রকমের নানা সবজি ফলাচ্ছেন চাষিরা, আবহাওয়া ভালো থাকলে চাষিরা লাভবান হতে পারবেন।