আনোয়ারায় গত চার মাসে সাড়ে ৪০০ মুরগির খামার বন্ধ হয়ে গেছে। ক্রমাগত লোকসান গুনে অনেক খামারি পুঁজি হারিয়ে এখন পথে বসেছেন। বন্ধ হয়ে গেছে একমাত্র আয়-রোজগারের পথ।
খামারিরা জানান, গত বছরের ফেব্রুয়ারি থেকেই হরতাল-অবরোধের কারণে খামারে উৎপাদিত মুরগি পরিবহন করা সম্ভব হয়নি। কম দামে বিক্রি করতে হয়েছে স্থানীয় বাজারে। তার ওপর বেড়েছে বাচ্চা, খাদ্য ও ওষুধের দাম। ফলে লোকসানের অঙ্ক বেড়েই চলেছে।
বাজার ঘুরে দেখা গেছে, মাত্র কয়েক মাস আগে এক বস্তা খাদ্যের দাম যেখানে দেড় হাজার টাকার মধ্যে ছিল, তা বর্তমানে দুই থেকে আড়াই হাজার টাকা। ফলে এক হাজার শেডের খামারের খাদ্য বাবদ বাড়তি খরচ পড়ছে ১৬ হাজার টাকার বেশি।
এ ছাড়া প্রতি বাচ্চার দাম বেড়েছে কমপক্ষে ১০ টাকা। প্রতিটি বাচ্চার দাম এখন ৩৩ টাকা। বাড়তি বিভিন্ন ওষুধের দামও। সব মিলিয়ে এক হাজার শেডের একটি খামারে খরচ পড়েছে দেড় লাখ টাকার কাছাকাছি। কিন্তু বিক্রি করে পাওয়া যাচ্ছে এক লাখ ২০ থেকে ৩০ হাজার টাকা। ফলে লোকসান সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে খামারিদের।
গহিরা এলাকার খামারি শাহাবুদ্দিন বলেন, ক্ষতি পোষাতে না পেরে পাঁচ মাস আগে খামার বন্ধ করে দিয়েছি। পরিস্থিতি ভালো হলে তখন আবার খামার চালু করব।
বরুমচড়ার খামারি আফজলুল হক বলেন, বাজারে যে অবস্থা তাতে টিকে থাকাটা খুব কঠিন হয়ে পড়েছে। আমাদের হিসাবে বর্তমানে আনোয়ারার বিভিন্ন স্থানে প্রায় সাড়ে ৪০০ খামার বন্ধ হয়ে গেছে।
জানা যায়, খামারে পরোক্ষভাবে বিনিয়োগ করেন উপজেলার অন্তত ১০ জন পরিবেশক। তাঁরা খামারিদের মধ্যে মুরগির বাচ্চা, ওষুধ ও খাদ্যে বিনিয়োগ করেন। লাভের টাকা ভাগাভাগি হয়। এখন তাঁরাও বিনিয়োগ করা অর্থ তুলতে পারছেন না।
বাচ্চা ও খাদ্য পরিবেশক তৈয়বিয়া পোলট্রির স্বত্বাধিকারী মো. আইয়ুব জানান, এভাবে চলতে থাকলে পথে বসতে হবে। আগে দাউদকান্দি থেকে বাচ্চা আনার সময় এক গাড়ির খরচ ছিল ২২ হাজার, এখন তা বেড়ে গিয়ে ৫০ হাজার টাকায় দাঁড়িয়েছে।
আনোয়ারাসহ বিভিন্ন উপজেলায় বাচ্চা ও খাদ্য সরবাহকারী প্রতিষ্ঠান ফেতান শাহ পোলট্রির মালিক মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, বর্তমানে বাচ্চা ও খাদ্যের দাম বাড়াসহ নানা কারণে আনোয়ারার সাড়ে ৪০০ খামার বন্ধ হয়ে আছে। আগে যেখানে মাসে বাচ্চা বিক্রি হতো ৪০ হাজার, তা এখন নেমে এসেছে ২০ থেকে ২৫ হাজারে। আনোয়ারা উপজেলা প্রাণীসম্পদ কার্যালয় সূত্র জানায়, উপজেলায় এক হাজার ৫০০ ব্রয়লার ও ১০টি লেয়ার মুরগির খামার রয়েছে। তবে প্রাণীসম্পদ কার্যালয়ের হিসাবে বন্ধ হওয়া খামারের সংখ্যা ২৫০ থেকে ৩০০।
আনোয়ারা উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মুজিবুর রহমান বলেন, পোলট্রি ব্যবসা একসময় লাভজনক ব্যবসা ছিল। তবে বাচ্চাসহ বিভিন্ন সামগ্রীর দাম ক্রমাগত বাড়তে থাকায় এ ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়েছে।